২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটের ‘প্রভাব পড়েনি’ গাজীপুরে

তোবা গ্রুপসহ দেশের সব পোশাক কারখানায় ডাকা ধর্মঘটের দিনে স্বাভাবিক রয়েছে গার্মেন্ট অধ্যুষিত গাজীপুর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 11:26 AM

Updated : 19 Sep 2026, 02:21 PM

শিল্পাঞ্চল পুলিশ বলছে, সেখানে দেড় হাজারের মতো কারখানা থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, চলছে স্বাভাবিক কাজকর্ম।

তোবা গ্রুপসহ দেশের সব গার্মেন্ট শ্রমিকের বকেয়া পরিশোধসহ কয়েকটি দাবিতে শনিবার সারাদেশে পোশাক কারখানায় ধর্মঘটের ডাক দেয় তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো.মোশারফ হোসেন জানান, গাজীপুরে দেড় হাজারের মতো পোশাক  কারখানা রয়েছে। শনিবার সকাল ১০টা পর্যন্ত কোন কারখানায় ধর্মঘট কিংবা কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গাজীপুরের কালিয়াকৈর, চন্দ্রা ও জিরানী এলাকায় দায়িত্বরত শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, বোর্ড বাজার এলাকায় দায়িত্বরত শিল্প পুলিশের পরিদর্শক মো. সেলিম রেজা খাঁন এবং কোনাবাড়ি-কাশিমপুর এলাকায় দায়িত্বরত শিল্প পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, তাদের এলাকায় কোথাও কোন সামস্য নেই। শান্তিপূর্ণভাবে সব কারখানায় কাজ চলছে।

গাজীপুর মহানগরীর নাওজোর এলাকার দিগন্ত সোয়েটার কারখানার অপারেটর  কামাল উদ্দিন বলেন, “আমরা  কাজ চাই, হরতাল ধর্মঘট চাই না। হরতাল  ধর্মঘট হলে আমাদের ক্ষতি, দেশের ক্ষতি। আমরা  আমাদের ভাল চাই।”

শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ জানান, শ্রমিক ধর্মঘটের নামে শনিবার যাতে কোন কারখানায় গোলযোগ না হয়, কাজ বন্ধ না থাকে তার জন্য আগের দিন শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কাউন্সিলিং করা হয়েছে।

তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে ঈদের আগের দিন থেকে প্রায় দুই সপ্তাহ অনশনের পর তোবা গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকদের আংশিক বকেয়া পরিশোধের ঘোষণা দেয় গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ।

তাদের বেতন প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি অংশ কর্মসূচি অব্যাহত রাখলে বৃহস্পতিবার তোবার কারখানা ভবনে ঢুকে অনশনকারীদের সরিয়ে দেয় পুলিশ। এর পরেই ধর্মঘটের ডাক আসে।

শনিবার গার্মেন্টে ধর্মঘটের ডাক