২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় লঞ্চডুবি: ফাহাদের লাশ বাড়িতে

পদ্মায় লঞ্চডুবিতে নিহত কলেজছাত্র মো. ফাহাদ হোসেন আকনের মৃতদেহ ঝালকাঠীর কাঠালিয়া উপজেলা সদরের বাড়িতে পৌঁছেছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 06:35 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

লঞ্চডুবির দুদিন পর বুধবার সকাল ৯টার দিকে ভোলায় নদীতে ফাহাদের লাশ পাওয়া যায়। বিকাল সোয়া ৩টায় লাশ কাঠালিয়া পৌঁছে।

ফাহাদ হোসেন আকন কাঠালিয়া উপজেলার সদরের আকন বাড়ির অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা লুৎফর রহমান আকনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে ফাহাদ ছিলেন সবার ছোট।

তিনি ঢাকার তেজগাঁও কলেজের স্নাতক (সম্মান) মার্কেটিং ৩য় বর্ষের পরীক্ষার্থী ছিলেন।

মৃতদেহ আনার সময় সঙ্গে ছিলেন ফাহাদের মামা মো. সাইদুর রহমান, বড় ভাই ফয়সালসহ কয়েকজন স্বজন।

লাশ আসার খবরে আগে থেকেই থানাঘাটে ভিড় করতে থাকে শতশত মানুষ। লাশবাহী স্পিডবোট পৌঁছানোর পর মর্মস্পর্শী দৃশ্যের সৃষ্টি হয়। এলাকাবাসী, স্বজন আর সহপাঠীদের কান্নায় ভারি হয়ে ওঠে থানাঘাট।

নিহতের স্বজনরা জানান, বিকাল ৫টায় স্থানীয় ঈদগা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে আকন বাড়ির পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

ফাহাদের চাচাত ভাই সরোয়ার আকন সাংবাদিকদের জানান, মা-বাবার সঙ্গে ঈদ শেষে রোববার ভোর ৫টায় ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন ফাহাদ। কাওড়াকান্দি ফেরিঘাটে পৌঁছে লঞ্চে উঠে মায়ের সঙ্গে ফোনে শেষ কথা বলেন।

মঙ্গলবার (৫ অগাস্ট) সকাল ১০টায় ফাহাদের অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল বলে জানান সরোয়ার।

ভোলা সদর থানার ওসি মোবাস্বের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে ফাহাদের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ওসি জানান, সকাল ৯টার দিকে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের রামদাসপুর এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পরে ফাহাদের পকেটে থাকা মোবাইল ফোনের সিম থেকে পাওয়া নম্বরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।