২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএর ঘোষণা প্রত্যাখ্যান তোবাকর্মীদের

বিজিএমইএর দুই মাসের বেতন দেয়ার ঘোষণা এবং অনশন প্রত্যাহারের আহ্বান প্রত্যাখ্যান করেছে তোবা গ্রুপের আন্দোলনরত শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 08:27 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

তোবাকর্মীদের দুই মাসের বেতন বুধবার: বিজিএমইএ

বিজিএমইএ ভবন ঘেরাও করবে তোবাকর্মীরা

তোবা সঙ্কট না মিটলে বিশিষ্টজনদের প্রতীক অনশন

তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সমন্বয়ক মোশরেফা মিশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “যতক্ষণ তোবা গ্রুপের সব শ্রমিক—কর্মচারী বেতন, বোনাসসহ অন্যান্য পাওনা বুঝে না পাচ্ছে, ততোক্ষণ অনশন চলবে।”

বিজিএমইএ ভবন ঘেরাওসহ সংগ্রাম কমিটির নতুন কর্মসূচিও বহাল থাকবে বলে জানান তিনি।

রোববার বিজিএমইএ ভবনে সরকার, বিজিএমইএ ও শ্রমিক পক্ষের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পর গার্মেন্ট মালিকদের সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তোবা গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন আগামী বুধবার পরিশোধ করা হবে।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান কচি লিখিত বক্তব্যে বলেন, “আগামী বুধবার সকাল ১০টায় বিজিএমইএ ভবন থেকে দুই মাসের বেতন দেয়া হবে। আর জুলাইয়ের বেতন ১০ অগাস্টের মধ্যে পরিশোধ করবে মালিকপক্ষ।”

এছাড়া ভাতা ও অন্যান্য পাওনা ওই সময়ের মধ্যেই পরিশোধ করার আশ্বাস দেন তিনি।

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা আন্দোলনরত শ্রমিকদের অনশন ভাঙার আহ্বান জানান।

এর জবাবে মোশরেফা মিশু বলেন, “বিজিএমইএ তামাশা শুরু করেছে। শ্রমিকরা এখন আর তামাশা দেখার পর্যায়ে নেই। এখন ন্যায্য পাওনা চাই। তা না হলে মৃত্যু হলেও আমরা আন্দোলন চালিয়ে যাব।”

এর আগে দুপুরে আন্দোলনরত শ্রমিকদের পক্ষে এক সংবাদ সম্মেলনে সোম ও মঙ্গলবার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

বাড্ডার হোসেন মার্কেটে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সংগ্রাম কমিটির সমন্বয়ক মিশু বলেন, “শ্রমিকদের পাঁচ দফা দাবি আদায়ে সোমবার সকল গার্মেন্ট শিল্পাঞ্চলে বিক্ষোভ সমাবেশ হবে। পরদিন মঙ্গলবার ঘেরাও করা হবে বিজিএমইএ ভবন।”

তোবা শ্রমিকদের পাঁচ দফা দাবি হলো- শ্রমিকদের বকেয়া বেতন, ওভারটাইম এবং ঈদের বোনাস অবিলম্বে পরিশোধ, তোবা গ্রুপের দেড় হাজারেরও বেশি শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সব কারখানা সচল রাখা, যে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন তাদের সরকারীভাবে শারীরিক ও মানসিক ক্ষতিপূরণ নিশ্চিত করা, তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনের জামিন বাতিল এবং তাজরীন গার্মেন্টসে হতাহত ও নিখোঁজ শ্রমিক ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া।

তোবা গ্রুপের শ্রমিকদের অভিযোগ, দেলোয়ারের জামিনের জন্য চাপ দিতেই মালিকপক্ষ বেতন-ভাতা আটকে রেখেছে।

তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন তার অন্য কারখানা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহতের ঘটনায় কারাগারে আছেন। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেলেও এখনো মুক্তি পাননি তিনি।

তোবা গ্রুপের অন্য পাঁচ কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে গত মাস থেকেই আন্দোলন চালিয়ে আসছেন। বিজিএমইএর পক্ষ থেকে কয়েক দফা সময় দেয়া হলেও বেতন না পেয়ে গত ২৮ জুলাই ঈদের আগের রাত থেকে তারা অনশনে বসেন।

তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সদস্য শ্রমিক নেতা জলি তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজিএমইএ এর আগেও চারবার এ ধরনের আশ্বাস দিয়েছে। এখন আর বিজিএমইএর আশ্বাসে ভরসা করা যাচ্ছে না।”

এজন্য অনশন প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

জলি বলেন, “পাঁচ দফা দাবির অন্যতম হচ্ছে তোবা গ্রুপের এমডি দেলোয়ার হোসেনের জামিন বাতিল ও সর্বোচ্চ শাস্তি। বিজিএমইএ বেতন না দিয়ে আশ্বাস দেয়ায় দেলোয়ারের মুক্তির একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি।”

এদিকে তোবাকর্মীদের ‘ন্যায্য দাবি’ পূরণে অবিলম্বে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২৪ জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে বলেছেন, ঈদের সময় শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে, তাদের জিম্মি করে জেলে থাকা মালিককে জেল থেকে বের করার ফন্দি আঁটা হয়েছিল। যথাসময়ে পাওনা পরিশোধ না করে শ্রমিকদের অনশন করতে বাধ্য করার দায় সরকার ও বিজিএমইএ এড়াতে পারে না।

সমস্যার সমাধান না হলে আগামী বুধবার ঢাকায় প্রতীকী অনশন করা হবে বলেও অধ্যাপক এম এম আকাশ স্বাক্ষরিত ওই বিবৃতিতে জানানো হয়।