২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ ভবন ঘেরাও করবে তোবাকর্মীরা

বকেয়া বেতনের দাবিতে অনশনের সপ্তম দিনে বিজিএমইএ ভবন ঘেরাওসহ দুই দিনের নতুন কর্মসূচি দিয়েছে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 05:03 PM

Updated : 13 Oct 2022, 12:24 PM

আন্দোরনরত শ্রমিকদের পাঁচ দফা দাবি আদায়ে সোমবার বিকাল ৪টায় দেশের সব গার্মেন্ট শিল্পাঞ্চলে বিক্ষোভ সমাবেশ হবে। পরদিন মঙ্গলবার ঢাকায় বিজিএমইএ ভবন ঘেরাও করবেন তোবা শ্রমিকরা।

রোববার বিকালে বাড্ডায় হোসেন মার্কেটে তোবা গ্রুপের একটি কারখানায় সংবাদ সম্মেলন করে সংগ্রাম কমিটির সমন্বয়ক মোশরেফা মিশু এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “সাত দিন ধরে শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন। কেউ এই আন্দোলনকে দুর্বলতা ভাবলে ভুল করবে।শ্রমিকদের ন্যায্য দাবি না মানলে আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে।”

সংগ্রাম কমিটির ৫ দফা দাবি হলো- অবিলম্বে তোবা গ্রুপের সব শ্রমিকের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, তোবা গ্রুপের সব কারখানা সচল করা, তোবা গ্রুপের মালিক দেলোয়ারের জামিন বাতিল, আন্দোলনরত শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণ দেয়া ইত্যাদি।

অন্যদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আক্তার ও গার্মেন্ট শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন তার অন্য কারখানা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহতের ঘটনায় কারাগারে আছেন। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেলেও এখনো মুক্তি পাননি তিনি।

এদিকে তোবা গ্রুপের পাঁচটি কারখানার দেড় হাজারেরও বেশি শ্রমিক তিন মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে গত মাস থেকে আন্দোলন চালিয়ে আসছেন। বিজিএমইএর পক্ষ থেকে কয়েক দফা সময় দেয়া হলেও বেতন না পেয়ে গত ২৮ জুলাই ঈদের আগের রাত থেকে তারা কারখানা ভবনেই অনশনে বসেন।

গত সাত দিনের অনশনে ১২২ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে আন্দোলনের স্বেচ্ছাসেবক সৈকত মল্লিক জানান।

এদিকে শ্রমিকদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সোমবার শ্রমমন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।

মোর্চার নেতা জোনায়েদ সাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তোবা গ্রুপের শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে গণতান্ত্রিক বাম মোর্চা এ কর্মসূচি ঘোষণা করেছে।”