২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোবা শ্রমিকদের দুই মাসের বেতন বুধবার

টানা সাত দিন ধরে অনশন চালিয়ে আসা তোবা গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন আগামী বুধবার পরিশোধ করা হবে বলে জানিয়েছে গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 05:40 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

ফাইল ছবি ফাইল ছবি

ফাইল ছবি ফাইল ছবি

ফাইল ছবি ফাইল ছবি

তোবা সঙ্কট না মিটলে বিশিষ্টজনদের প্রতীক অনশন

বিজিএমইএ ভবন ঘেরাও করবে তোবাকর্মীরা

রোববার বিজিএমইএ ভবনে সরকার, বিজিএমইএ ও শ্রমিক পক্ষের এক বৈঠকের পর সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান কচি এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা আন্দোলনরত শ্রমিকদের অনশন ভাঙার আহ্বান জানান।

তবে অনশন স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সদস্য ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেছেন, বিজিএমইএর কথায় তারা ভরসা পাচ্ছেন না।

তিন মাসের বেতন, ওভার টাইম ও ঈদ বোনাসের দাবিতে ঈদের আগের দিন থেকে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটের সাততলায় অনশন চালিয়ে আসছেন তোবা গ্রুপের পাঁচ কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক।

তাদের বেতন পরিশোধের কয়েক দফা চেষ্টা ব্যর্থ হওয়ার পর সরকারের মধ্যস্থতায় রোববার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে ত্রিপক্ষীয় বৈঠক বসে।

পরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস এম মান্নান কচি বলেন, “আগামী বুধবার সকাল ১০টায় বিজিএমইএ ভবন থেকে দুই মাসের বেতন দেয়া হবে। আর জুলাইয়ের বেতন ১০ অগাস্টের মধ্যে পরিশোধ করবে মালিকপক্ষ।”

এছাড়া ভাতা ও অন্যান্য পাওনা ওই সময়ের মধ্যেই পরিশোধ করার আশ্বাস দেন তিনি।

এর আগে দুপুরে হোসেন মার্কেটে সংবাদ সম্মেলন করে মঙ্গলবার বিজিএমইএ ভবন ঘেরাও এবং সোমবার দেশের সব গার্মেন্টস শিল্পাঞ্চলে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি।

কমিটির সমন্বয়ক মোশরেফা মিশু বলেন, “সাত দিন ধরে শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন। কেউ এই আন্দোলনকে দুর্বলতা ভাবলে ভুল করবে। শ্রমিকদের ন্যায্য দাবি না মানলে আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে।”

তোবা শ্রমিকদের পাঁচ দফা দাবি হলো- শ্রমিকদের বকেয়া বেতন, ওভারটাইম এবং ঈদের বোনাস অবিলম্বে পরিশোধ, তোবা গ্রুপের দেড় হাজারেরও বেশি শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সব কারখানা সচল রাখা, যে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন তাদের সরকারীভাবে শারীরিক ও মানসিক ক্ষতিপূরণ নিশ্চিত করা, তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনের জামিন বাতিল এবং তাজরীন গার্মেন্টসে হতাহত ও নিখোঁজ শ্রমিক ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া।

এই হোসেন মার্কেটের তিনটি ফ্লোরে তোবা গ্রুপের তোবা টেক্সটাইল, তায়েব ডিজাইন ও মিতা ডিজাইন নামের তিনটি কারখানা। আর পাশের ফুজি ভবনে রয়েছে বুকশান ও তোবা ফ্যাশনস নামে আরও দুটি কারখানা।

তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন তার অন্য কারখানা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহতের ঘটনায় কারাগারে আছেন। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেলেও এখনো মুক্তি পাননি তিনি।

তোবা গ্রুপের অন্য পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে গত মাস থেকেই আন্দোলন চালিয়ে আসছেন। বিজিএমইএর পক্ষ থেকে কয়েক দফা সময় দেয়া হলেও বেতন না পেয়ে গত ২৮ জুলাই ঈদের আগের রাত থেকে তারা অনশনে বসেন।

আন্দোলনের স্বেচ্ছাসেবক সৈকত মল্লিক জানান, গত সাত দিনের অনশনে ১২২ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

তোবা গ্রুপের শ্রমিকদের অভিযোগ, দেলোয়ারের জামিনের জন্য চাপ দিতেই মালিকপক্ষ বেতন-ভাতা আটকে রেখেছে।

বিজিএমইএর আহ্বানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সদস্য শ্রমিক নেতা জলি তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজিএমইএ এর আগেও চারবার এ ধরনের আশ্বাস দিয়েছে। এখন আর বিজিএমইএর আশ্বাসে ভরসা করা যাচ্ছে না।”

এজন্য অনশন প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

জলি বলেন, “পাঁচ দফা দাবির অন্যতম হচ্ছে তোবা গ্রুপের এমডি দেলোয়ার হোসেনের জামিন বাতিল ও সর্বোচ্চ শাস্তি। বিজিএমইএ বেতন না দিয়ে আশ্বাস দেয়ায় দেলোয়ারের মুক্তির একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি।”