২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোবা সঙ্কট না মিটলে বিশিষ্টজনদের প্রতীক অনশন

তোবা গ্রুপের অনশনরত শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২৪ জন বিশিষ্ট নাগরিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 08:00 PM

Updated : 13 Oct 2022, 12:24 PM

রোববার এক যৌথ বিবৃতিতে তারা তোবা গ্রুপের পাঁচ পোশাক কারখানার দেড় সহস্রাধিক শ্রমিকের বকেয়া পরিশোধসহ অবিলম্বে শ্রমিকদের সমস্যা সমাধানের দাবি জানান।

সমস্যার সমাধান না হলে আগামী বুধবার ঢাকায় প্রতীক অনশন করা হবে বলেও অধ্যাপক এম এম আকাশ স্বাক্ষরিত ওই বিবৃতিতে জানানো হয়।

এতে বলা হয়, “তোবার শ্রমিকদের  ৩ মাসের বেতনসহ অন্যান্য পাওনা এবং ঈদ বোনাস দেয়া হয়নি। এছাড়া অন্যান্য প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি। এমনকি ঈদের সময় শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে, তাদের জিম্মি করে জেলে থাকা মালিককে জেল থেকে বের করার ফন্দি আঁটা হয়েছিল। যথাসময়ে পাওনা পরিশোধ না করে শ্রমিকদের অনশন করতে বাধ্য করার দায় সরকার ও বিজিএমইএ এড়াতে পারে না।”

সমস্যার সমধান না হলে আন্দোলনরত শ্রমিকদের সমর্থনে আগামী ৬ অগাস্ট ঢাকায় ‘প্রতীক অনশন’ কর্মসূচিতে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কে এম সাদ উদ্দিন, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, কামাল লোহানী, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক আকমল হোসেন, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আ ব ম ফারুক, অধ্যাপক শফিকুজ্জামান, অধ্যাপক আজিজুর রহমান এই বিবৃতিতে সাক্ষর করেছেন।

এছাড়া অধ্যাপক হরুন-উর-রশীদ, অধ্যাপক আবিদুর রেজা, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক এ এন রাশেদা, আশরাফুজ্জামান সেলিম, অধ্যাপক এমএ জলিল, আবুল কাশেম, আকসাদুল আমীন, রুবাইয়াত ফেরদৌস, শান্তনু মজুমদার, আব্দুল মতিন, অধ্যাপক তানজিম উদ্দিন খান, মোশাহিদা সুলতানাও রয়েছেন স্বাক্ষরদাতাদের মধ্যে।