রোববার থেকে রেল ও বিআরটিসি’র অগ্রিম টিকিট
ঈদ উপলক্ষে রোববার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে, যা চলবে ২৪ জুলাই পর্যন্ত।
ঢাকা থেকে প্রতিদিন ১৮ হাজার টিকিট ইস্যু করা হবে গত ৬ জুলাই এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক।
রেলওয়ে কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ২০ জুলাই পাওয়া যাবে ২৪ জুলাইয়ের টিকিট, ২১ জুলাই ২৫ জুলাইয়ের, ২২ জুলাই ২৬ জুলাইয়ের, ২৩ জুলাই ২৭ জুলাইয়ের এবং ২৪ তারিখে ২৮ জুলাইয়ের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
ট্রেন টিকিটের জন্য কমলাপুরে লাইন (ফাইল ছবি)
আর রেলের পশ্চিমাঞ্চল ২৭ জুলাই থেকে ফিরতি টিকিট পাওয়া যাবে বলেও জানিয়েছিলেন রেলমন্ত্রী।
প্রতিবারের মতো এবারো কালোবাজারি প্রতিরোধে একজন যাত্রীকে সর্বোচ্চ চারটি টিকিট দেয়া হবে।
ঈদের সময় একশত ৬৬টি অতিরিক্ত কোচ (সদ্য মেরামত করা) এবং অতিরিক্ত লোকোমোটিভ (মেরামত করা) সংযোজন করা হবে।
যাত্রীদের সুবিধার্থে ইতোমধ্যে রেলের গুরুত্বপূর্ণ পদে ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
প্রতিবারের মতো এবারও রেলের কর্মচারী-কর্মকর্তা এবং ভিআইপিদের জন্য মোট টিকিটের শতকরা ৫ শতাংশ কোটা থাকছে।
বিআরটিসি টিকিট
রোববার থেকেই বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে।
ঈদ উপলক্ষে এবার প্রায় ৯০০ টি বাস যাত্রী পরিবহনের কাজে নিয়োজিত থাকবে বলে বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে।
মতিঝিল,গাজীপুর, জোয়ার সাহারা, উথলী, নারায়ণগঞ্জ, দ্বিতল বাস ডিপো, কল্যানপুর ডিপো টিকেট কাউন্টার থেকে অগ্রিম টিকিট পাওয়া যাবে।
