২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে কথিত পীরের গ্রেপ্তার দাবি

বাগেরহাট সদরের মোহম্মদীয়া খানকা শরীফের পরিচালক ও কথিত পীর শেখ নূর মোহম্মদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জেলা মহিলা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 02:51 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

শুক্রবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

মানববন্ধনে অংশ নিয়েছেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী তহুরা বেগম, সম্পাদক শিল্পী সমাদ্দার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, প্রেসক্লাবের সভাপতি বাবুল সরদার, মানবাধিকার কর্মী অনিতা রায়, অরিন্দম দেবনাথ প্রমুখ।

নূর মোহম্মদ ধর্মের নামে ভণ্ডামি করছেন বলে মানববন্ধনে বক্তারা দাবি করেন।

তারা বলেন,  তিনি স্ত্রী ও সন্তানদের ঘরে তালা বন্দি রেখে বছরের পর বছর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন। মেয়ে সন্তানদের বাড়ি থেকে বের হতে না দিয়ে তাদের শিক্ষা বঞ্চিত করেছেন।

 

সমাজে এ ধরনের অমানবিক কাজ করতে কেউ যেন আর ধৃষ্টতা না দেখায় সেজন্য নূর মোহম্মদকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

নূরকে ভণ্ড পীর আখ্যায়িত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার হাতে নির্যাতনের শিকার স্ত্রী সন্তানদের পূনর্বাসনের দাবি করেছেন মানববন্ধনে অংশ নেয়ারা।

শেখ নূর মোহম্মদের ছেলে শেখ বাকি বিল্লাহর দেয়া অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের সরুই এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তার দুই স্ত্রী ও চার সন্তানকে উদ্ধার করে পুলিশ। ওই বাড়িতে তিনি নিজের স্ত্রী সন্তানদের বছরের পর বছর আটকে রেখেছেন বলে তার স্ত্রী-সন্তানরা অভিযোগ করেন। অভিযান চলাকালে তিনি পালিয়ে যান।

পুরনো খবর:

কথিত পীরের ‘কয়েদখানায়’ স্ত্রী-সন্তান