২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজমুল হত্যা: ২ জন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নজমুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 02:21 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

তারা হলেন, ওজোনপার্ক এলাকার বাসিন্দা কার্লোস জিনো (২২) ও কুইন্সের উডহ্যাভেন এলাকার বাসিন্দা নেস্টার রডরিগুয়েজ (২০)।

মঙ্গলবার কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউনের এক মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৩ জুলাই (রোববার) অন্য একটি অপরাধে কার্লোস জিনো ও নেস্টার রডরিগুয়েজকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার নজমুল হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়।

লাশ পড়ে থাকার স্থানের পাশের একটি নাইট ক্লাব এবং আশপাশের সার্ভিলেন্স ভিডিও পরীক্ষার পরই নজমুল খুনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান ওই মুখপাত্র।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, গত ৯ জুলাই ভোর রাতে ওজোনপার্কে ৭৮-১৬ আটলান্টিক এভিনিউর একটি নাইট ক্লাব থেকে নজমুলকে ধাওয়া করে জিনো ও রডরিগুয়েজ। এক পর্যায়ে তারা নজমুলকে মারধর করে আটলান্টিক এভিনিউ এবং ৭৬ স্ট্রিট এলাকায় সাইডওয়াকে ফেলে দিয়ে তার পকেট থেকে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

Image
নজমুল ইসলাম (ফাইল ছবি)

নজমুল ইসলাম (ফাইল ছবি)

নজমুলের গাড়ির চাবি চুরি করা নিয়ে ওই যুবকের সঙ্গে প্রথমে নজমুলের বাকবিতণ্ডা হয়। তারা চাবি চুরির কথা অস্বীকার করলেও বাক-বিতণ্ডা চলতে থাকে। তারই জের ধরে তারা নজমুলের পিছু নেয় বলে পুলিশের ধারণা।

গত ৯ জুলাই স্থানীয় সময় রাত ৩টার দিকে নিউইয়র্ক সিটির ওজোনপার্ক এলাকায় আটলান্টিক এভিনিউ এবং ৭৬ স্ট্রিটের কর্নার থেকে নজমুলের নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

পরে তাকে জ্যামাইকা হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসকরা জানান যে, ঘটনাস্থলেও তার মৃত্যু হয়েছিল।

সিলেটের বিয়ানিবাজারের চন্দ্রগ্রামের প্রয়াত তোফাজ্জল ইসলামের ছেলে নজমুল ইসলাম ওরফে হিরন যুক্তরাষ্ট্রে যান ১৯৮২ সালে। ১৯৮৮ সালে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রথম পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পান।

পুরনো খবর:

নজমুল হত্যা: নিউ ইয়র্কে বাঙালিদের ক্ষোভ
‘আঘাতের পর শ্বাসরোধে নজমুলকে হত্যা’
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার