যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নজমুল ইসলামের লাশ নিউ ইয়র্কের একটি রাস্তা থেকে উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সময় বুধবার রাত ৩টার দিকে নিউ ইয়র্ক সিটির ওজোনপার্কের আটলান্টিক এভিনিউ এবং ৭৬ স্ট্রিটের মাঝামাঝি এলাকায় রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জ্যামাইকা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তার (নজমুল) দুই চোখের নিচে কালো গভীর ক্ষত দেখেছি। কপালেও ক্ষত রয়েছে। মনে হয় কংক্রিটের রাস্তায় পড়ে যাওয়ায় দাগ হতে পারে।”
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি জানান, ময়না তদন্তের আগে কিছুই বলা সম্ভব নয় বলে নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে যে এলাকায় নজমুলের লাশ পড়েছিল সে এলাকায় গভীর রাতে প্রায়ই খুন-জখমের ঘটনা ঘটে। কয়েক সপ্তাহ আগে ওই এলাকায় এক বাংলাদেশির গাড়ি দুর্বৃত্তরা ছিনতাই করে।
তৈয়বুর রহমান টনি বলেন, নজমুলের গাড়িটিও পাওয়া যাচ্ছে না। নজমুলকে আঘাত করে তার গাড়ি দুর্বৃত্তরা নিয়ে চম্পট দিতে পারে।
নজমুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ দেখতে হাসপাতালে ছুটে যান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এ কে এ মোমেন। নেতার আকস্মিক মৃত্যুতে শোকাহত তার সহকর্মীরাও ভিড় করেন হাসপাতালে।
সিলেটের বিয়ানীবাজারের সন্তান ৫৫ বছর বয়সী নজমুল তিন যুগেরও বেশি সময় ধরে নিউ ইয়র্কে বাস করছেন। তার এক ছেলে এক মেয়ে নিউ ইয়র্কেই থাকেন।
