২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজমুল হত্যা: নিউ ইয়র্কে বাঙালিদের ক্ষোভ

পাঁচ দিনেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নজমুল ইসলামের হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় নিউ ইয়র্কে বাঙালি কমিউনিটি নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 01:24 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

সোমবার সন্ধ্যায় কুইন্সের জ্যামাইকায় তাজমহল রেস্টুরেন্টে দোয়া ও ইফতার অনুষ্ঠানের আগে আলোচনায় অংশ নিয়ে বক্তারা এ ক্ষোভ প্রকাশ করেন।

‘যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের’ ব্যানারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা শরাফ সরকার।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জসীমউদ্দিন ভূইয়া মিঠু।

বক্তারা বলেন, গত ৯ জুলাই নজমুল ইসলামের লাশ পাওয়া যায়। সোমবার পর্যন্ত তার ঘাতকরা গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষুব্ধ।

অবিলম্বে নজমুলের ঘাতকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে তারা নিউ ইয়র্ক পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, যুক্তরাষ্ট্র কৃষক লীগের সভাপতি হাজী নিজাম এবং নিহত নাজমুল ইসলামের বন্ধু এম এ করিম জাহাঙ্গীর ।

নিউজার্সি প্লেইন্স বরো সিটির ডেমোক্রেটদলীয় কংগ্রেসম্যান ড. নূরন্নবী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নূরনবী কমান্ডার, একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন, ডেমক্রেটিক পার্টির নেতা মোর্শেদ আলম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আহ্বায়ক গোলাম মোস্তফা খান মিরাজ সমাবেশে অংশ নেন।

এছাড়া একাত্তরের ২৫ মার্চ কাল রাতকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবিতে আন্দোলনরত ড. প্রদীপ কর, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান, চলচ্চিত্র নির্মাতা কবীর আনোয়ার, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সেক্রেটারি শাহীন ইবনে দিলওয়ার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, কমুউনিটি লিডার আব্দুল হাই জিয়া, রেজাউল করিম চৌধুরী, বিজ্ঞানী ড. জিনাত নবী, যুক্তরাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা টমাস দুলু রায়, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা স্বীকৃতি বড়ুয়া, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, ড. এম এ বাতেন, হুসনে আরা, নাসিমুন্নাহার নিনি, আবু তাহের, সেবুল মিয়া, জামাল হুসেন, জয়নাল আবেদীন, আলমগীর ভূইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক গাজী সালেহউদ্দিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমাবেশে নজমুলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

গত ৯ জুলাই গভীর রাতে নিউ ইয়র্ক সিটির ওজনপার্কের আটলান্টিক এভিনিউ এবং ৭৬ স্ট্রিটের মাঝামাঝি এলাকায় রাস্তা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নজমুল ইসলামের (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্তের পর শুক্রবার নিউ ইয়র্ক সিটির জ্যামাইকা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মাথায় ও মুখে আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয় নজমুল ইসলামকে।

সিলেটের বিয়ানীবাজারের সন্তান ৫৫ বছর বয়সী নজমুল তিন যুগেরও বেশি সময় ধরে নিউ ইয়র্কে বাস করছেন। তার এক ছেলে ও এক মেয়ে নিউ ইয়র্কেই থাকেন।