২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মা ও শিশু হত্যামামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরী থেকে মা ও শিশু হত্যামামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 10:22 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

গ্রেপ্তার আবুল কাশেম (৩৫) কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেরার মগডেইল এলাকার বাসিন্দা রাশেদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কুতুবদিয়া থানায় হত্যামামলা আছে বলে পুলিশের দাবি।

নগর গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা জানান, নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কাশেমকে গ্রেপ্তার করা হয়।

এসআই সন্তোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুতুবদিয়ার মগডেইল এলাকায় গত ২৩ এপ্রিল গভীর রাতে গ্রেপ্তারকৃত কাশেমসহ আরো কয়েকজন মিলে জান্নাতুল ফেরদৌস ওরফে বাসনি (৩২) নামে এক গৃহবধূ ও তার শিশু পুত্র বাপ্পীকে (৩) হত্যা করে।

এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা হয়।

তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে কাশেম জানান বাসনির স্বামী কারাগারে আটক থাকায়  সে এবং তার বন্ধু বেলাল, জামাল সওদাগর, আনোয়ার, ভেট্টু মাঝি, নটু, ছোটন মিলে বাসনির সাথে সম্পর্ক গড়ে তুলে।”

এক পর্যায়ে বাসনি অন্তঃসত্বা হয়ে গেলে বিষয়টি নিয়ে এলাকায় সালিশ ডাকা হয়।

এজন্য পরিকল্পনা করে বাসনি ও তার শিশুপুত্র বাপ্পীকে হত্যা করে গর্তে ঢুকিয়ে রাখা হয় বলে কাশেম জানায়।

গ্রেপ্তার কাশেমকে কুতুবদিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এসআই সন্তোষ।