২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি বাংলা বিভাগ স্থায়ী জায়গা চায়

ক্যাম্পাসে স্থায়ী স্থান বরাদ্দের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 08:19 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

মঙ্গলবার উপাচার্যের কার্যলয়ের প্রধান ফটক বন্ধ করে দুই ঘণ্টার এ কর্মসূচি পালন করা হয়।

বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. আশ্রাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯২ সালে বিভিন্ন বিভাগে ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ানোর জন্য বাংলা ভাষা কোর্স চালু হয়।

পরবর্তীতে ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে বিভাগ হিসেবে পূর্ণাঙ্গ রূপ নিলেও বাংলা বিভাগকে একাডেমিক কার্যক্রম চালানোর জন্য স্থায়ীভাবে জায়গা বরাদ্দ দেয়া হয়নি।

এতে বিভাগটি একাডেমিক ভবন ‘বি’ এর ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ ও রসায়ন বিজ্ঞান বিভাগের অতিরিক্ত ল্যাবের কয়েকটি কক্ষে কার্যক্রম চালাচ্ছে।  

“স্থায়ী স্থান বরাদ্দের দাবিতে তাই আমরা তিন দিনের অবস্থান কর্মসূচি নিয়েছিলাম। প্রথম দিন দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট করার পর উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া আমাদের সঙ্গে আলোচনায় বসেন।

“এ সময় উপাচার্য ১৫ কার্যদিবসের মধ্যে বিভাগের জন্য স্থায়ী স্থান বরাদ্ধের আশ্বাস দিলে আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে।”

নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ড. আশ্রাফুল আলম।