২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের বিরুদ্ধে মামলার আদেশ বদলানো নিয়ে রুল

র‌্যাবের বিরুদ্ধে মামলা নিতে হাকিম আদালতের দেয়া আদেশ দায়রা আদালত বদলে দেয়ায় রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 04:28 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

র্যর‌্যাব হেফাজতে ‘নির্যাতনে’ এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ এনে তার ভাইয়ের করা আবেদনে বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।

আগামী ৩ সেপ্টেম্বর এই রুলের পরবর্তী শুনানির দিন রেখেছে আদালত।

হাই কোর্টে আবেদনকারীপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী শাহ নূরের ভাই মেহেদী হাসান হাই কোর্টে এই আবেদন নিয়ে আসেন।

রফিকুল ইসলাম মিয়া পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবর্তিত আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।”

বাদীর আবেদনে বলা হয়, গত ২৯ এপ্রিল রাত ১১টার দিকে র‌্যাবের লোকজন নবীনগর থেকে শাহ নূরকে তুলে নিয়ে যায়। পরদিন আবু তাহের মিয়া নামে এক ব্যক্তির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

“হেফাজতে থাকা অবস্থায় তার উপর নির‌্যাতন করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় কুমিল্লা জেনারেল হাসপাতালে ৬ মে তার মৃত্যু হয়।’

মেহেদী র‌্যাবের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে পুলিশ তা না নেয়ায় ১ জুন তিনি জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহারের আদালতে অভিযোগ করেন।

ওই অভিযোগে র‌্যাবের ভৈরব কোম্পানি কমান্ডার মেজর এজেডএম সাকিব সিদ্দিক, এসআই মো. এনামুল হক, নূরের বিরুদ্ধে মামলার বাদী আবু তাহের মিয়া ও নজরুল ইসলামকে বিবাদী করা হয়।

বিচারক ওই অভিযোগকে মামলা হিসাবে নথিভুক্ত করতে নবীনগর থানার ওসিকে নির্দেশ দেন এবং মামলার তদন্তভার সিআইডিকে দিতে বলেন।

এরপর র‌্যাবের পক্ষ থেকে ওই আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাওসারের আদালতে আবেদন করা হলে বিচারক ম্যাজিস্ট্রেট কোর্টের আদেশ পরিবর্তন করে নূরের ভাইয়ের অভিযোগ তদন্তের নির্দেশ দেয়।

এই আদেশের বিরুদ্ধে গত রোববার হাই কোর্টে আবেদন করেন মেহেদী। ওই আদেশের শুনানি করেই হাই কোর্ট রুল জারি করে।