‘নারী চালকদের কারণে যানজট-দুর্ঘটনা কম’
নারী চালকরা ঠাণ্ডা মাথায় গাড়ি চালায় বলে যানজট ও দুর্ঘটনার উৎসগুলো কমে আসে বলে মনে করেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ কেন্দ্রে চারটি অটো ট্রান্সমিশন সম্বলিত ট্রেনিং কারের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
ফাইল ছবি
মন্ত্রী বলেন, “মহিলারা যখন গাড়ি চালায় তখন ঠাণ্ডা মাথায় গাড়ি চালায়, সেক্ষেত্রে যানজট ও দুর্ঘটনার উৎসের আশঙ্কা অনেক কমে আসে।”
চালকদের সমালোচনা করে কাদের বলেন “উপযুক্ত প্রশিক্ষণের অভাব এবং প্রশিক্ষিত চালকের অভাবে দুর্ঘটনা ও যানজট হচ্ছে।”
“দেশে প্রশিক্ষিত চালকের সংখ্যা খুবই কম, গাড়িও ফিটনেস বিহীন, চালক ও ফিটনেস বিহীন, এখানে যাত্রীরাও নিরাপদ নয়।”
সরকারি-বেসরকারিভাবে চালক ট্রেনিং সুবিধা আরো বৃদ্ধি করা হবে বলে জানান যোগযোগ মন্ত্রী।
