২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইন্টারনেট সেবার মান বাড়াতে প্রয়োজনে নীতি পরিবর্তন’

দেশের ইন্টারনেটে সেবার মান ও দাম নিয়ে সন্তুষ্ট নন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রিয়াজুল বাশার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 03:48 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

দেশের মানুষের কাছে ‘সহজলভ্য ও মানসম্পন্ন’ ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ‘প্রয়োজনে’ নীতি পরিবর্তন প্রয়োজন বলেও তিনি মত দিয়েছেন।

দেশের সর্বত্র দ্রুতগতির ইন্টারনেটসেবা সুলভ মূল্যে পৌঁছে দেয়ার লক্ষ্যে সোমবার গণভবনে সরকারি কর্মকর্তা, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এবং সরকারি-বেসরকারি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জয়।

পেশাদার তথ্য-প্রযুক্তিবিদ জয় আওয়ামী লীগ সরকার ঘোষিত ভিশন ২০২১ অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন।    

বৈঠকের শুরুতেই জয় বলেন, “আমার ফেইসবুক পেইজে অনেক ফ্যান আছে। তাদের কাছ থেকে বেশিরভাগ ক্ষেত্রে একটি দাবি আমার কাছে বারবার আসে, সেটা হলো ইন্টারনেটের দাম কমানো এবং গতি বাড়ানো।”

ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সেবার মান নিয়ে তার নিজের মনেও প্রশ্ন জেগেছে বলে জানান জয়।

“আমি যখন সফর করি দেশে তখন আমি সবসময়ই চেক করি ইন্টারনেট কানেকশন কোথায় আছে, কি গতি আছে, কি কোয়ালিটি আছে। আমার নিজেরও এটা অভিজ্ঞতা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইন্টারনেট কানেকশনের গতিতে বা কোয়ালিটিতে বাধা আছে।”

জয় মনে করেন, সেবার মান বাড়াতে প্রয়োজনে নীতি পরিবর্তন করতে হবে। 

“যারা ইন্টারনেট কানেকশন দেয় সবাইকে নিয়ে আমি একসঙ্গে বসতে চেয়েছি। জানতে চেয়েছি সমস্যা কোথায়। এ সমস্যা কীভাবে সমাধান করা যায়। আমরা একত্র হয়ে সমঝোতা করে, পলিসি যদি পরিবর্তন করতে হয় আমরা করব।”

প্রধানমন্ত্রীর ছেলে জয় বলেন, “দামের সিস্টেমে যেখানেই যেভাবে বাধা আছে, সে বাধাগুলো সরিয়ে দিয়ে একদম ইউনিয়ন পর্যন্ত কীভাবে ব্রডব্যান্ড কানেকশন পৌঁছনো যায়-এ কারণেই আমাদের আজকের এই বৈঠক।”

ব্রডব্যান্ড সংযোগের গতি বাড়ানোর জন্য দুই বছর আগে সরকারের নীতি পরিবর্তনের উদাহারণও এ সময় তুলে ধরেন জয়।

“দুবছর আগেই আমি রেগুলেটরি কমিশনকে রিকোয়েস্ট করেছিলাম যে, আমরা ইন্টারনেটের ব্রডব্রান্ডের ডেফিনেশন করে দেব এক এমবিপিএস কানেকশন; আগে ছিল ২৫৬ কেবিপিএস। ২৫৬ কে আমি ব্রডব্যান্ড মনে করি না। আমরা নীতি তৈরি করে সেটাকে ওয়ান এমবিপিএস করে দিয়েছি।”

অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশের অন্যতম লক্ষ্য হলো তৃণমূল পর্যন্ত সুলভ মূল্যে ইন্টারনেইট সেবা পৌঁছে দেয়া এবং সব ধরনের সরকারি সেবা তথ্য-প্রযুক্তির আওতায় নিয়ে আসা।

এ লক্ষ্য সামনে রেখে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে তথ্য কেন্দ্র (ইউআইসি) গড়ে তোলা হয়, যেখান থেকে গ্রামের মানুষ ইন্টারনেটে যুক্ত হতে পারেছেন।

ইতোমধ্যে দেশের ২৫ হাজার স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে এবং ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। প্রতিটি স্কুলেই এ সেবা পৌঁছে দেওয়া লক্ষ্য রয়েছে সরকারের। এছাড়া দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে ইন্টারনেটের মাধ্যমে শহরের বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা গ্রামের মানুষের কাছে পৌঁছনোরও পরিকল্পনা রয়েছে।

জয় বলেন, “আমার উদ্দেশ্য হলো আমাদের প্রতিটি ইউনিয়নে মিনিমাম মানের গতিতে ইন্টারনেইট পাওয়া যাবে। এটা সস্তা দামে পাওয়া যাবে, ভালো কোয়ালিটি পাওয়া যাবে।এটা অতি শীঘ্র করাই আমার উদ্দেশ্য।”

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক ।