শীতলক্ষ্যায় ৫ প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদে বাধা কাটল
ঢাকাকে ঘিরে থাকা চার নদীর নাব্যতা রক্ষায় দেয়া রায় পুনর্বিবেচনায় পাঁচটি আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
এর ফলে শীতলক্ষ্যা নদী থেকে পুনর্বিবেচনার আবেদনকারী পাঁচ প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন এ মামলার একজন আইনজীবী।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
শীতলক্ষ্যা নদীতে থাকা জেটি রক্ষা করতে পুনর্বিবেচনার আবেদনকারী এই পাঁচ প্রতিষ্ঠান হলো- সিটি গ্রুপ, কামাল ভেজিটেবলস, মোল্লা সল্ট, হাইডেলবার্গ সিমেন্ট ও সিমেক্স সিমেন্ট।
এই পাঁচ প্রতিষ্ঠান তাদের জেটি রক্ষা করতে এর আগেও দুইবার আপিল বিভাগে গিয়েছিল।
হিউম্যান রাইটস অ্যাণ্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের রিট আবেদনে ২০০৯ সালে হাই কোর্ট ঢাকাকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগসহ আশপাশের নদীগুলোর নাব্যতা রক্ষায় একটি রায় দেয়, যা ঢাকার চারনদী রক্ষার রায় হিসাবে পরিচিতি পায়।
ওই রায়ের বিরুদ্ধে পাঁচ প্রতিষ্ঠান আপিল বিভাগে গেলেও তাদের আপিল খারিজ হয়ে যায়। বহাল থাকে হাই কোর্টের রায়ই।
হিউম্যান রাইটস অ্যাণ্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ওই রায়ের পর চার নদীর বিভিন্ন অংশ দখল করে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ শুরু হয়। ২০১০ থেকে প্রায় দেড় হাজার প্রতিষ্ঠানকে উচ্ছেদ করা হলেও ওই পাঁচটি প্রতিষ্ঠান তাদের জেটি রক্ষায় উচ্চ আদালতে আসে।
“এ নিয়ে তারা দুই বার হাই কোর্টে এবং তিনবার আপিল বিভাগে এসেছে। তাদের সবকটি আবেদন খারিজ হয়েছে। সুতরাং তাদের স্থাপনা নদী থেকে উচ্ছেদে কোনো বাধা নেই।”
২০১০ সালের ৯ ফেব্রুয়ারি এই পাঁচ প্রতিষ্ঠানকে উচ্ছেদ নোটিস দেয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
মনজিল শুনানিতে বলেন, পুনর্বিবেচনার আবেদনে যেসব যুক্তি দেয়া হয়েছে, সেগুলো আপিল শুনানিতেও বলা হয়েছিল। কিন্তু তা গ্রহণযোগ্য হয়নি। সুতরাং এ আবেদনও খারিজযোগ্য।
“নোটিসে কেবল নদীর ভিতর দখলকৃত জায়গা ছেড়ে দিতে বলা হয়েছে। শিল্প বন্ধ করতে বলা হয়নি। তাতে শিল্প বন্ধ হয়ে শ্রমিকদের চাকরি হারানোর কোনো কারণ নেই। অবৈধ স্থাপনা রক্ষার জন্য এই যুক্তি দেয়া হচ্ছে।”
আদালতে পুনর্বিবেচনার আবেদনকারী পাঁচ প্রতিষ্ঠানের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও সাবেক বিচারক সৈয়দ আমিরুল ইসলাম।
