২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের হাজার মামলার নথি ভিজে গেছে

ছাদ ও পানির নল ফেটে পানিতে ভিজে ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের অন্তত এক হাজার মামলার নথি ভিজে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 04:11 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

আদালত সংশ্লিষ্টরা জানান, বুধবার সকালে বিচারক, কর্মকর্তা কর্মচারীরা অফিসে এসে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাউড়া আদালতের আলমারি ও মেঝেতে থাকা এসব ভিজে যাওয়া নথি দেখতে পান।

এ ঘটনা তদন্তে জেলা ও দায়রা জজ মো. কাওসার সাত সদস্যের একটি কমিটি গঠন করেছেন।

সদর আমলী আদালতের সেরেস্তেদার রফিকুল ইসলাম মিলকী জানান, গণপূর্ত বিভাগের ত্রুটিপূর্ণ কাজ ও গাফিলতির কারণেই এই সমস্যা হয়েছে। পানিতে সয়লাব হয়ে গেছে দুটি আদালত।

আদালতের মেঝেতে হাঁটু পানি থাকায় কসবার আদালত বসেছে অন্য একটি কক্ষে।

তিনি জানান, পানিতে ভেজা মামলার নথিগুলো রোদে শুকাতে দেয়া হয়েছে।

রফিকুল ইসলাম মিলকী আরো জানান, যুগ্ম জেলা জজ মো. সোহেল আহমেদের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করে বৃহস্পতিবার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন জেলা বারের সভাপতি, পিপি, জিপি, একজন জ্যেষ্ঠ বিচারিক হাকিম, কসবা আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ এবং সদর আদালতের সহকারী জজ।