২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলে হলো পুলিশ হেফাজতে ‘নিহত’ রোকনের

গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার মাথায় বাবার মৃত্যুর ঘটনায় ছয় পুলিশ সদস্যকে বরখাস্ত এবং তাদের দুজনকে জেলে পাঠানোর দিনই পৃথিবীর আলো দেখল শিশুটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 10:15 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় গত মাসে পুলিশী হেফাজতে মারা যাওয়া ব্যবসায়ী রোকনুজ্জামানের স্ত্রী শিমু আক্তারের ছেলের। 

শিমুর বড় ভাই মো. ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের পূর্ব ফটক সংলগ্ন সার্জিস্কোপ-১ এ তার ভাগ্নের জন্ম হয়।

অস্ত্রোপচারে ভূমিষ্ট হওয়ার পর মা-ছেলে দুজনই ভালো আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিহত রোকনুজ্জামানের ১৬ মাস বয়সী একটা মেয়েও আছে। তার নাম নওশীন রোকন তাবাসসুম।

ইলিয়াস বলেন, “পরিবারের সবাই খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছে। বোনের স্বামী মারা গেছে। এরমধ্যে ছেলেটার জন্ম হল। সে কখনোই বাবাকে দেখতে পাবে না।”

শিমু আক্তার নিহত রোকনুজ্জামানের দ্বিতীয় স্ত্রী। বছর দুয়েক আগে বিচ্ছেদ ঘণ্টা প্রথম স্ত্রীর ঘরেও ১২ বছর বয়সী এক ছেলে রয়েছে তার।

Image
নিহত রোকনুজ্জামান

নিহত রোকনুজ্জামান

মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি হওয়ার আগের রাতে স্বামী নিহতের ঘটনায় নগরীর বাকলিয়া থানায় হত্যা মামলা করেন শিমু আক্তার।

ওই মামলার পর রাতেই গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন মামলার আসামি দুই পুলিশ সদস্য এসআই আমির হোসেন ও কনস্টেবল মোসলেম উদ্দিন।

দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক এ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মামলার আসামি ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে চট্টগ্রাম মহানগর পুলিশ।

বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- এসআই আমির হোসেন, এএসআই এনায়েত হোসেন, কনস্টেবল মিজানুর রহমান, মোসলেম, খোকন মিয়া ও গাড়িচালক আকবর।

একই দিন মামলার আসামি আনসার কনস্টেবল শাহীনুর আলমকে তার বাহিনীতে ফেরত পাঠানো হয়।

এ মামলার অন্য তিন আসমি হলেন- পুলিশের সোর্স জামাল হোসেন ও হুমায়ুন কবির এবং সাধারণ নাগরিক হারুনুর রশিদ।

গত ১৮ জুন রাতে নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ লেইনে রোকনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে পরিবারের সদস্যরা পুলিশকে বাধা দেয়।

রোকনুজ্জামানের পরিবারের অভিযোগ, গ্রেপ্তার অভিযান চলাকালে তাকে মারধর করলে রোকনুজ্জামান অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তাকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে রাত দেড়টায় তিনি মারা যান বলে পরিবারকে জানানো হয়।

এ ঘটনায় গত ২৫ জুন চট্টগ্রাম মহানগর হাকিম আহমদ সাঈদের আদালতে শিমু আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

আদালত মামলাটি গ্রহণ করে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনারকে (গোয়েন্দা) তদন্ত করে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।

পুরনো খবর:

হেফাজতে মৃত্যু: আসামি ৬ পুলিশ বরখাস্ত