হেফাজতে মৃত্যু: আসামি ৬ পুলিশ বরখাস্ত
চট্টগ্রামে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার আসামি ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার রাতে বাকলিয়া থানায় নিহতের দ্বিতীয় স্ত্রী শিমু আক্তারের মামলার পর মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এ সিদ্ধান্ত জানায়।
মামলার আসামি আরেক আনসার সদস্যকে তার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
সিএমপির অতিরিক্ত কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার দুই পুলিশ সদস্যসহ মোট ছয়জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
“বরখাস্তদের মধ্যে দুইজন গ্রেপ্তার আছেন। অন্য চারজন দামপাড়া পুলিশ লাইনে আছেন। আনসার সদস্যকে তার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।”
বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- এসআই আমির হোসেন, এএসআই এনায়েত হোসেন, কনস্টেবল মিজানুর রহমান, মোসলেম ও খোকন মিয়া ও গাড়ি চালক আকবর।
ফেরত পাঠানো আনসার সদস্য হলেন আনসার কনস্টেবল শাহীনুর আলম।
বরখাস্তদের মধ্যে এসআই আমির হোসেন ও কনস্টেবল মোসলেম উদ্দিনকে গত সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
তাদের গ্রেপ্তারের পর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের প্রমাণ পাওয়ায় দুই পুলিশ সদস্যকে আটক করা হয়।
এর আগে গত ২৫ জুন চট্টগ্রাম মহানগর হাকিম আহমদ সাঈদের আদালতে ব্যবসায়ী রোকনুজ্জামান নিহতের ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী শিমু আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন।
ওই মামলায় সাত পুলিশসহ মোট ১০ জনকে আসামি করা হয়।
পুলিশ ও আনসার সদস্য ছাড়া অন্য তিন আসামি হলেন- পুলিশের সোর্স জামাল হোসেন ও হুমায়ন কবির এবং সাধারণ নাগরিক হারুনুর রশিদ।
আসামি সাত পুলিশ সদস্য নগরীর পাঁচলাইশ ও বাকলিয়া থানায় কর্মরত। এদের মধ্যে সোর্স জামাল হোসেন ঘটনার পরই গ্রেপ্তার হন।
২৫ জুন মামলাটি গ্রহণ করে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনারকে (গোয়েন্দা) তদন্ত করে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয় আদালত।
গত ১৮ জুন রাতে নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ লেইন এলাকায় রোকনুজ্জামানকে গ্রেপ্তারে অভিযানে যায় পুলিশের একটি দল।
এসময় পরিবারের সদস্যরা পুলিশকে বাধা দেয় এবং গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চায়।
রোকনুজ্জামানের পরিবারের অভিযোগ, গ্রেপ্তার অভিযান চলাকালে তাকে মারধর করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তাকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে রাত দেড়টায় রোকনুজ্জামান মারা যান বলে পরিবারকে জানানো হয়।
তবে ঘটনার পরদিন পুলিশ কর্মকর্তারা দাবি করেন, গ্রেপ্তারের সময় অসুস্থ বোধ করায় তাকে থানায় না নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের দাবি, গত ৫ জুন রোকনুজ্জামানের বিরুদ্ধে এক মহিলা ধর্ষণের অভিযোগে মামলা করেন। এছাড়া তার প্রথম স্ত্রী পারভিন আক্তারের করা যৌতুকের মামলায়ও রোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
