২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেউ যেন গৃহহীন না থাকে: প্রধানমন্ত্রী

গৃহহারা ও ভূমিহীন নাগরিকদের জন্য ঘর নির্মাণের তাগিদ দিয়ে ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাস জমির পাশাপাশি প্রয়োজন হলে জমি কিনেও তাদের আবাসনের ব্যবস্থা করতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 03:15 PM

Updated : 25 Apr 2022, 04:25 PM

মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

আশ্রয়ন প্রকল্প বিস্তৃত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের খাস জমির অভাব থাকার কথা না। এছাড়া অনেক জায়গায় চর রয়েছে। প্রয়োজন হলে জমি কিনেও আপনারা গৃহের ব্যবস্থা করুন।”

“আমাদের মৌলিক অধিকারের বাসস্থান রয়েছে। যারা গৃহহারা, ভূমিহীন থাকবে তাদের প্রত্যেককে আমরা ঘর বানিয়ে দেব। আপনারা লক্ষ্য রাখবেন, আপনাদের এলাকায় একজন লোকও যেন গৃহহারা না থাকে, এটা আমার নির্দেশ হিসেবে নেবেন।”

একইসঙ্গে স্থানীয় পর্যায়ে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি, মাদক প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ, শিক্ষা মানোন্নয়নে ভূমিকা রাখা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত নাগরিক সুবিধার আওতায় আবাসান ব্যবস্থা পৌঁছাতে এখন থেকে পরিকল্পনা গ্রহণসহ জেলা প্রশাসকদের ২৪টি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিবসহ প্রশাসনের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহারা ও ভূমিহীনদের পুনর্বাসনের ব্যবস্থা করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে গ্রামে নগরায়নের আবাসন সুবিধা পৌঁছে দেয়ার পরিকল্পনার কথাও জানান।

তিনি বলেন, “ঢাকাতে ফ্লাট করা হচ্ছে, এটা গ্রাম পর্যন্ত নিয়ে যেতে চাই। রাজধানীর মানুষ আরাম-আয়েশে জীপন-যাপন করবে, গ্রামের মানুষ কি অপরাধ করেছে।”

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প যেন ‘ভালোভাবে’ চলতে পারে সে বিষয়েও নজর রাখতে প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা জানান, তারা নিম্ন আয়ের নাগরিকদের জন্য ইউনিয়ন পর্যন্ত ফ্লাট বাড়ি করতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। এজন্য পরিকল্পিভাবে জায়গার ব্যবস্থা করার জন্য এখনই উদ্যোগ নেয়ার জন্য ডিসিদের আহ্বান জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে ‘কঠোর’ পদক্ষেপ নেয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, “মাদককে নিয়ন্ত্রণ করতেই হবে। স্কুল থেকেই শিক্ষার্থীদের সচেতন করতে হবে। আপনারা বাবা-মা ও শিক্ষকদের সঙ্গেও কথা বলবেন। মাদক প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিচ্ছি।”

প্রধানমন্ত্রী এসময় তৃণমূল পযায়ে টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে এবং শিক্ষা প্রসারে ভূমিকা রাখতে জেলা প্রশাসকদের আদেশ দেন।

দেশের শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ সেবা পৌঁছানোর লক্ষ্যে যেসব ‘প্রত্যন্ত’ গ্রামে সরবরাহ লাইন পৌঁছেনি সেখানে সৌর বিদ্যুৎ জনপ্রিয় করার জন্য ভূমিকা রাখতেও ডিসিদের নির্দেশ দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদারিপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ রাসায়নিকমুক্ত ফলমূল নিশ্চিত করতে যন্ত্রপাতির সরবরাহের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, ফরমালিনবিরোধী অভিযান চলছে। জেলা-উপজেলা পর্যন্ত ফরমালিন নিয়ন্ত্রণের দরকার। কি পরিমানের বেশি থাকলে ফরমালিন শরীরের পক্ষে ক্ষতিকর সেই নির্দেশনাও থাকা দরকার, সে লক্ষ্যে আইন পাস করতে যাচ্ছি।

এসময় ‘শত প্রতিকূলতার মধ্যে’ গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে ভূমিকা রাখায় জেলা প্রশাসকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।  

একইসঙ্গে সকল ‘সকল ভয়, ভীতি, চাপের ঊর্ধ্বে উঠে’ দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “উন্নয়নের জন্য ধারাবাহিকতা দরকার। গত মেয়াদে যেসব প্রকল্প শুরু করেছিলাম সেগুলো এগিয়ে নেয়া এবং নতুন নতুন প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে আপনাদের মতামত কাজে লাগবে।”

আওয়ামী লীগ সরকারের লক্ষ্য অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।

পুরনো খবর:

দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসিদের নির্দেশ
গরীবের বাড়ি নির্মাণের প্রকল্প নিচ্ছে সরকার