গরীবের বাড়ি নির্মাণের প্রকল্প নিচ্ছে সরকার
দেশের ‘অতিদরিদ্র’ জনগণের জন্য বাড়ি নির্মাণের একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার, যা বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন করা হবে।
‘প্রো পুওর স্লাম ইন্টিগ্রেশন’ শীর্ষক প্রকল্পটি পরিচালনা করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।
প্রকল্পের ঋণ বিতরণ ও আদায়ের দায়িত্বে থাকবে বাংলাদেশ ব্যাংক বলে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে।
প্রকল্পটির পরিচালক গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন তালুকদার এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রকল্পটির দুটো পর্যায়। একটি প্রস্তুতিমূলক, অপরটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনা। এখন প্রস্তুতিমূলক পর্যায় চলছে।”
তিনি জানান, এই প্রকল্পের আওতায় গরিব মানুষ বিশেষ করে বস্তিবাসীদের জন্য জমি অধিগ্রহণ, রাস্তাঘাট নির্মাণ, পানি সরবরাহ ও বর্জ্য-ব্যবস্থাপনাসহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করে সেখানে তাদের বসবাসের ব্যবস্থা করা হবে।
এক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের পেছনে যে ব্যয় হবে তা অনুদান হিসেবে দেবে বিশ্বব্যাংক। তবে ঘর নির্মাণের পেছনে যে ব্যয় হবে তা উপকারভোগীদের ঋণ হিসেবে দেওয়া হবে।
এই প্রকল্পে ঋণ দেওয়ার জন্য বিশ্বব্যাংক প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা দিতে সম্মত হয়েছে।
দশ থেকে পনেরো জনকে দলগতভাবে দীর্ঘমেয়াদের জন্য ওই ঋণ দেওয়া হবে। ঋণের সুদহার হবে সর্বোচ্চ ১৫ শতাংশ।
কামাল উদ্দিন তালুকদার বলেন, “আমরা ব্র্যাক ও ম্যানচেস্টার ইউনিভার্সিটিকে এই প্রকল্পের সমীক্ষা করার দায়িত্ব দিয়েছি। আগামী সপ্তাহে তারা রিপোট দিবে। সেই আমরা বিশ্বব্যাংককে দিবো।
“তারপর আগামী সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় প্রকল্পটির অর্থায়নের বিষয়টি অনুমোদন পেলে এই প্রকল্প বাস্তবায়ন শুরু হবে।”
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম বলেন, “বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। আমাদেরকে ঋণ ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে তারা। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।”
সিদ্ধান্ত চূড়ান্ত হলে বাংলাদেশ ব্যাংকের ‘এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ’ ওই ঋণ বিতরণের দায়িত্বে থাকবে বলে জানান ডেপুটি গভর্নর।
এসএমই বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এনজিও বা এমএফআই’র (ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান) মাধ্যমে ঋণটি বিতরণ করা হবে। তবে সংশ্লিষ্ট এনজিও বা এমএফআইগুলোকে অবশ্যই ব্যাংক গ্যারান্টি দিতে হবে। যাতে ঋণটি আদায়ে কোন সমস্যা না হয়।
“তাছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়টি চূড়ান্ত হলে এনজিও বা এমএফআইর সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ ব্যাংক।”
‘পাইলট প্রকল্প’ হিসেবে কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশাল, দিনাজপুর ও সিরাজগঞ্জ জেলায় এটি চালু করা হবে।
এসব এলাকায় প্রকল্প বাস্তবায়ন সফল হলে পর্যায়ক্রমে দেশব্যাপী এই প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক কামাল উদ্দিন তালুকদার।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই প্রকল্পের আওতায় গরিব বস্তিবাসীদের জন্য আবাসন ব্যবস্থার পাশাপাশি তাদের জন্য উন্নত জীবন যাপনের সুযোগ করে দেওয়া হবে। তাদের জন্য যে জমিতে ঘর নির্মাণ করা হবে, ওই জমির মালিকও হবেন তারা।
প্রথম পর্যায়ে প্রকল্পটিতে প্রায় ১০০ কোটি টাকা অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক। বাংলাদেশ সরকারকে ওই ঋণের বিপরীতে দশমিক ৭৫ শতাংশ হারে সুদ পরিশোধ করতে হবে। ঋণটি পরিশোধ করতে হবে ৪০ বছর ধরে।
ঋণ ব্যবস্থাপনার বিষয়ে বিশ্ব ব্যাংক বাংলাদেশ ব্যাংককে যে প্রস্তাব করেছে তাতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক এনজিও বা এমএফআই’র মাধ্যমে ঋণটি বিতরণ করবে।
এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এনজিও বা এমএফআইকে ৫ শতাংশ হার সুদে ঋণ দেবে এবং এনজিও বা এমএফআই গ্রাহক পর্যায়ে ঋণ দেবে সর্বোচ্চ ১৫ শতাংশ হার সুদে।
একজন গ্রাহক সর্বোচ্চ ২ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন।
