রথযাত্রায় নানা আয়োজন
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার দেশে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে পূণ্যার্থীরা রথটানে অংশ নেন। বিভিন্ন স্থানে মেলার আয়োজনও করা হয়। নয়দিন পর ফিরতি রথের মধ্য দিয়ে এ উৎসবের শেষ হবে।
নীলফামারী
নীলফামারীতে সকালে কেন্দ্রীয় শ্রী শ্রী শিবমন্দিরে পূজা অর্চনার আয়োজন করা হয়।
সন্ধ্যায় এ মন্দির প্রাঙ্গণ থেকে পূণ্যার্থীদের অংশগ্রহণে রথযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মিলন পল্লীস্থ শ্রী শ্রী দুর্গা ও রাধা-গোবিন্দ মন্দিরে গিয়ে যাত্রা শেষ হয়।
রাধা-গোবিন্দ মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্র নাথ বর্ধন বাপী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক হর্ষবর্ধন রায় প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নীলফামারী জেলা সাধারণ সম্পাদক রামেন্দ্র নাথ বর্ধন বাপী জানান, আগামী ৭ জুলাই মিলন পল্লীস্থ শ্রী শ্রী দুর্গা ও রাধা-গোবিন্দ মন্দির থেকে উল্টো রথের মধ্য দিয়ে শ্রী শ্রী শিব মন্দিরে অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে ফিরতি রথ অনুষ্ঠিত হবে।
নরসিংদী শহরে রথযাত্রা উপলক্ষে নায় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটি।
রোববার বিকালে অনুষ্ঠানের উদ্ধোধন করেন নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।
শহরের স্বাধীনতা চত্বর থেকে রথযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পলাশ উপজেলার বরাব কৃষ্ণ মন্দিরে যায় এবং সেখানে প্রসাদ বিতরণ করা হয়।
নয় দিনব্যাপী এ উৎসব আগামী ৭ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে বলে আয়োজকরা জানান।
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে উদ্ধোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের (ইসকন) অধ্যক্ষ প্রহল্লাদ প্রভু দাস, নরসিংদী জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, শহর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার সাহা প্রমুখ ।
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ শহরের রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।
বিকালে শহরের ইদ্রাকপুর মন্দির থেকে শুরু হওয়া রথযাত্রায় কয়েকশ ভক্ত পূণ্যার্থী অংশ নেন।
এতে অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী ও অভিজিত দাস ববিসহ অনেকে অংশ নেন।
তারা শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করেন।
এর আগে শহরের বাগমাহমুদালী পাড়া থেকে আরেকটি রথযাত্রা শহর প্রদিক্ষণ করে, যাতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজয় চক্রবর্তীসহ অনেকে অংশ নেন।
বাগেরহাট সদরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও মেলা শুরু হয়েছে।
দুপুরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে নয় দিনব্যাপী এ উসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহ আলম সরদার।
হাজার-হাজার ভক্ত পূণ্যার্থী দুপুরে রথটান অনুষ্ঠানে অংশ নেন।
মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠঅনে জিউ মন্দির সভাপতি চিত্ত রঞ্জন বলেন, যুগ যুগ ধরে হিন্দু সম্প্রদায়ের লোকজন আষাঢ় মাসের এই তিথিতে জগন্নাথ দেবে রথযাত্রা পালন করে আসছে।
তিনি জানান, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। এখানে দেশ বিদেশের কয়েকহাজার পূণ্যার্থী মন্দির প্রাঙ্গণে রথটানে অংশ নিয়েছেন।
এছাড়াও রথযাত্রা উপলক্ষে এখানে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে পুতুল নাচ ও সার্কাসের আয়োজন।
