২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ চা-শ্রমিক মুক্তিযোদ্ধার সরকারি সহায়তা প্রাপ্তি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১৬ জন মুক্তিযোদ্ধা চা-শ্রমিক ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 04:27 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শনিবার চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয় বলে

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চেকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার হলেন- সুনীল সাঁওতাল, মুক্তিযোদ্ধা পবন সাঁওতাল, গৌরা মাল, দেউন্দি চা বাগান, শহীদ সন্তান মন্টু শুক্ল বৈদ্য, শহীদ সন্তান অরুণ চন্দ্র পাল, চুনারুঘাট গোছাপাড়া, নারী মুক্তিযোদ্ধা মালতি, পুষ্প প্রমুখ।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী তাদের হাতে চেক তুলে দেন।

অনুদানের অর্থের পরিমাণ মোট ৭৬ হাজার টাকা। এই প্রথম তারা সরকারি অনুদান পেলেন।

কেয়া চৌধুরী জানান, পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধকারী এ এলাকার চা-শ্রমিক মুক্তিযোদ্ধারা এর আগে কোনো সরকারি সাহায্য-সহযোগিতা পাননি। ইতিহাসের পাতায় তাদের বীরত্বের  কাহিনীও লেখা হয়নি। তবে প্রতিরোধ যুদ্ধে অংশ গ্রহণ করা এ সব মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে প্রথমবারের মতো আর্থিক অনুদান প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেটের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমান্ডেন্ট মানিক চৌধুরীর মেয়ে কেয়া চৌধুরী তাদের খুঁজে বের করেন। ২০১৩-১৪ অর্থ বছরে ঐচ্ছিক বরাদ্দ থেকে জনপ্রতি ৫ হাজার টাকার চেক তুলে দেন এ সাংসদ।

চুনারুঘাট উপজেলা কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহমুদুল কবীর, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মাত আবিদা খাতুন, জেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি মোহাম্মদ আসাদুল ইসলাম, যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, পৌর যুবলীগ নেতা শাহ নাদীম, মো. নূর হোসেন খান প্রমুখ।

মুক্তিযুদ্ধে যে সব চা-শ্রমিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল কমান্ডেন্ট মানিক চৌধুরী (এমএনএ) নেতৃত্বে গড়ে ওঠা চা-শ্রমিকদের নিয়ে গঠিত ‘লাল বাহিনী’।