২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক

ঢাকা সফররত ভারতের নতুন পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বৈঠক হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 11:38 AM

Updated : 13 Oct 2022, 12:17 PM

পুরনো খবর:

সুষমা স্বরাজ ঢাকায়

বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেড় ঘণ্টার বেশি সময়ের এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বৈঠক নিয়ে দুপুর আড়াইটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হবে। এর পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সফর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন দেশটির কর্মকর্তারা।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে বুধবার রাতে ঢাকা পৌঁছান সুষমা স্বরাজ। গত মাসে ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর নরেন্দ্র মোদির মন্ত্রিসভার প্রথম কোনো সদস্য হিসেবে ঢাকা এলেন তিনি।

নির্বাচনী প্রচারে ‘অবৈধ অভিবাসীদের’ নিয়ে কঠোর অবস্থান ঘোষণা করায় নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ঢাকা-দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিছুটা সংশয় দেখা দেয়। তবে পরবর্তীতে দুই দেশের বন্ধুত্ব সম্পর্কের ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে অবস্থান স্পষ্ট করেন তিনি।

বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর ঘোষণার মধ্য দিয়ে ঢাকার সঙ্গে ‘ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক আরো শক্তিশালী করার ইঙ্গিত দেয় দিল্লি।

বৃহস্পতিবারই রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন সুষমা স্বরাজ।

ঢাকা ত্যাগের আগে শুক্রবার বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন তিনি।

সফরকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিসের আয়োজনে একটি অনুষ্ঠানে বক্তৃতা করবেন তিনি।