সুষমা স্বরাজ ঢাকায়
ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম সফরে ঢাকায় পৌঁছেছেন সুষমা স্বরাজ।
বুধবার রাত পৌনে ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
গত মাসে সরকার গঠনের পর নরেন্দ্র মোদির মন্ত্রিসভার কোনো সদস্যের এটাই প্রথম বাংলাদেশ সফর। তার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংও রয়েছেন।
দুই দেশের সম্পর্ক জোরদারে সুষমা স্বরাজের এই সফর নতুন গতি দেবে বলে আশা করছে ভারত।
বাংলাদেশে প্রথম সফরে আসার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা সেরে নিয়েছেন সুষমা স্বরাজ।
দুপুরে টেলিফোনে প্রায় ৩৫ মিনিট দুজনের কথা হয় বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদের আমন্ত্রণে সুষমার এ শুভেচ্ছা সফরে বাংলাদেশ-ভারত অনিষ্পন্ন বিভিন্ন সমস্যার সমাধান আশা করা হচ্ছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের বহু প্রতীক্ষিত তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তিতেই আটকে রয়েছে। এছাড়া স্থলসীমান্ত চুক্তি কার্যকরেও তার বিরোধিতা রয়েছে।
এই বছরের শুরুতে নির্বাচনের প্রচারের সময় বিজেপি নেতা মোদির সঙ্গে তৃণমূল নেত্রী মমতার উত্তপ্ত বাক্য বিনিময় চলে। মোদির শপথ অনুষ্ঠানেও যাননি মমতা।
এর মধ্যেই মোদি সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা তার ঢাকা সফরের আগে বাংলাদেশ লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ সেরে নিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মমতার সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি এবং স্থল সীমান্ত চুক্তি নিয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।
মোদির সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর কার্যত এটাই সুষমার প্রথম বিদেশ সফর। অবশ্য সম্প্রতি ভুটান সফরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলেন তিনি।
তিস্তার পানি বণ্টন চুক্তি সই এবং স্থল সীমান্ত চুক্তি কার্যকরে বিগত কংগ্রেস সরকার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করে যেতে পারেনি।
ভারতে ক্ষমতার পালাবদলে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসার পর সংশয় দেখা দিলেও মোদি আশ্বস্ত করেছেন, দুটি ক্ষেত্রেই তার সরকার ইতিবাচক।
তবে এর বিনিময়ে তেঁতুলিয়া করিডোর খুলে দিতে সুষমা বাংলাদেশের কাছে অনুরোধ জানাতে পারেন বলে ভারতের কূটনৈতিক সূত্রের খবর।
তিন দিনের বাংলাদেশ সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় এসব বিষয় ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন সুষমা স্বরাজ।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে,সফরকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিসের আয়োজনে একটি অনুষ্ঠানে বক্তৃতা করবেন তিনি।
এদিকে, শুক্রবার সকালে সুষমা স্বরাজ সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বৈঠক করবেন বলে মঙ্গলবার জানিয়েছেন খালেদার প্রেসসচিব মারুফ কামাল।
৬২ বছর বয়সী সুষমা এবারের লোকসভা নির্বাচনে মধ্য প্রদেশের বিদিশা থেকে পদ্মফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় মন্ত্রী হন।
বিজেপির হয়ে অনেক ‘প্রথমের’ অধিকারী সুষমা স্বরাজ। প্রথম নারী মুখ্যমন্ত্রী, দলের প্রথম নারী সাধারণ সম্পাদক এবং পার্লামেন্টারি দলের নেতার নির্বাচিত হন তিনি।
১৯৭০ সালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি সুষমা স্বরাজের। পরে নাম লেখান জনতা পার্টিতে।
