নূর হোসেনকে ফেরত দেয়ার ইঙ্গিত দিল্লির
সাত খুনের আসামি নূর হোসেনকে ফেরত দেয়ার ইঙ্গিত দিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের আগে রোববার নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে।
ওই কর্মকর্তা ২০১৩ সালে স্বাক্ষরিত বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী নূর হোসেনকে ফেরত দেয়ার ইঙ্গিত দেন।
“আমরা বিষয়টি দেখছি। যদি বাংলাদেশ অনুরোধ জানায়, তাহলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে,” বলেছেন তিনি।
আগামী ২৫ জুন ঢাকা সফরে আসছেন সুষমা স্বরাজ। তার তিন দিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর দিল।
নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতে বিজেপির সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে সুষমার ঢাকা সফরে নূর হোসেনের বিষয়টি আলোচনায় উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
গত ১৪ জুন পশ্চিমবঙ্গ পুলিশ নূর হোসেনকে গ্রেপ্তারের পর ১৯ জুন তা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানায় ভারত।
নূর হোসেনকে ফেরত পাওয়ার আশা সরকারের কর্তাব্যক্তিরা বলে এলেও তখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অনুরোধ নয়া দিল্লিকে জানানো হয়নি।
তিনি দিন বাদে শীতলক্ষ্যা নদীতে অপহৃতদের লাশ ভেসে ওঠার পর লোকচক্ষুর অন্তরালে চলে যান সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের এই নেতা। পরে অবশ্য তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।
নূর হোসেন সীমান্ত অতিক্রম করেছেন বলে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চায় বাংলাদেশ পুলিশ, সীমান্তেও জারি করা হয় সতর্কতা।
এর মধ্যেই গত ১৪ জুন পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাগুইআঁটির একটি বাড়ি থেকে নূর হোসেনকে গ্রেপ্তারের কথা জানায়।
অবৈধভাবে ভারতে প্রবেশ এবং অস্ত্র বহনের অভিযোগ তার বিরুদ্ধে আনে পশ্চিমবঙ্গ পুলিশ। গত ১৫ জুন তাকে আদালতের মাধ্যমে রিমান্ডেও নেয়া হয়।
বিদেশে নূর হোসেনের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে ফেরত আনতে সরকারের পদক্ষেপ চেয়েছ্নে কাউন্সিলর নজরুলসহ নিহতদের স্বজনরা।
পশ্চিমবঙ্গে গ্রেপ্তার নূর হোসেন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় নূর হোসেনকে ফিরিয়ে আনতে সরকার প্রক্রিয়া চালাচ্ছে।
তবে আলোচিত হত্যাকাণ্ডের এই আসামিকে ফেরত আনার বিষয়টি ভারতের ওপরই নির্ভর করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
নজরুলের পরিবারের অভিযোগ, নূর হোসেন ৬ কোটি টাকা দিয়ে র্যাবের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
৭ খুনের মামলায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
