নূর হোসেনকে ফেরত চাওয়া হয়নি এখনো
৭ খুনের আসামি নূর হোসেনের গ্রেপ্তারের খবর ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়েছে। তবে তাতে স্পষ্ট হয়েছে যে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে ফেরত চায়নি বাংলাদেশ।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, “তারা (ভারত) নোট ভার্বাল আকারে খবরটি জানিয়েছে।”
নয়া দিল্লি নূর হোসেনের বিষয়ে আরো কিছু তথ্য চেয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার যেসব তথ্য সংগ্রহ করছে।
‘নোট ভারবালে’ নূর হোসেনকে ফেরত চেয়ে ঢাকার কোনো আহ্বানের উল্লেখ নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, এক্ষেত্রে ঢাকা কোনো অনুরোধ জানালে ‘সর্বোচ্চ সহযোগিতা’ করা হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অবশ্য বলেছেন, নূর হোসেনকে দেশে আনতে সরকার সচেষ্ট রয়েছে।
পশ্চিমবঙ্গে বাংলাদেশি নূর হোসেনকে গ্রেপ্তারের চার দিন পর সেই খবর আনুষ্ঠানিকভাবে জানল ঢাকা। ইতোমধ্যে তাকে রিমান্ডেও নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হওয়ার পর নূর হোসেনের দিকে অভিযোগের আঙুল উঠলে তিনি তা অস্বীকার করেন।
তিনি দিন বাদে শীতলক্ষ্যা নদীতে অপহৃতদের লাশ ভেসে ওঠার পর লোকচক্ষুর অন্তরালে চলে যান সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের এই নেতা। পরে অবশ্য তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।
নূর হোসেন সীমান্ত অতিক্রম করেছেন বলে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চায় বাংলাদেশ পুলিশ, সীমান্তেও জারি করা হয় সতর্কতা।
এর মধ্যেই গত ১৪ জুন পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাগুইআঁটির একটি বাড়ি থেকে নূর হোসেনকে গ্রেপ্তারের কথা জানায়।
অবৈধভাবে ভারতে প্রবেশ এবং অস্ত্র বহনের অভিযোগ তার বিরুদ্ধে আনে পশ্চিমবঙ্গ পুলিশ। গত ১৫ জুন তাকে আদালতের মাধ্যমে রিমান্ডেও নেয়া হয়।
বিদেশে নূর হোসেনের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে ফেরত আনতে সরকারের পদক্ষেপ চেয়েছ্নে কাউন্সিলর নজরুলসহ নিহতদের স্বজনরা।
নূর হোসেনের বিষয়ে ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন ইতোমধ্যে জানিয়েছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় নূর হোসেনকে ফিরিয়ে আনতে সরকার প্রক্রিয়া চালাচ্ছে।
তবে আলোচিত হত্যাকাণ্ডের এই আসামিকে ফেরত আনার বিষয়টি ভারতের ওপরই নির্ভর করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
নজরুলের পরিবারের অভিযোগ, নূর হোসেন ৬ কোটি টাকা দিয়ে র্যাবের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
৭ খুনের মামলায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
নূর হোসেনকে ফেরত আনার দাবি
ভারতে গ্রেপ্তার নূর হোসেনকে দ্রুত ফেরত আনার দাবিতে বুধবার নারায়ণগঞ্জের আদালতপাড়ায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
বিক্ষোভ শেষে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন, সহ-সভাপতি মশিউর রহমান শাহীন প্রমুখ।
অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, “নূর হোসেনকে ভারত থেকে না আনার ষড়যন্ত্র শুরু হয়েছে। তাকে নিয়ে আসা হলে র্যাবের সাবেক তিন কর্মকর্তার মতো আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে প্রভাবশালী মন্ত্রী, এমপি, গডফাদারদের নাম বলে দিতে পারে।”
