ঢাকা আসার আগে মমতার সঙ্গে সুষমার আলাপ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রথম সফরে আসার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা সেরে নিয়েছেন সুষমা স্বরাজ।
বুধবার দুপুরে টেলিফোনে প্রায় ৩৫ মিনিট দুজনে কথা বলেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিন দিনের সফরে বুধবার রাতেই ঢাকায় পৌঁছার কথা নরেন্দ্র মোদির নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমার। তার এই সফরে বাংলাদেশ-ভারত অনিষ্পন্ন বিভিন্ন সমস্যার সমাধান আশা করা হচ্ছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের বহু প্রতীক্ষিত তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তিতেই আটকে রয়েছে। এছাড়া স্থলসীমান্ত চুক্তি কার্যকরেও তার বিরোধিতা রয়েছে।
এই বছরের শুরুতে নির্বাচনের প্রচারের সময় বিজেপি নেতা মোদির সঙ্গে তৃণমূল নেত্রী মমতার উত্তপ্ত বাক্য বিনিময় চলে। মোদির শপথ অনুষ্ঠানেও যাননি মমতা।
এর মধ্যেই মোদি সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা তার ঢাকা সফরের আগে বাংলাদেশলাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ সেরে নিলেন।
“তাদের আলোচনা ছিল অত্যন্ত আন্তরিক,” বলেন তিনি।
সুষমার বাংলাদেশ সফরের বিষয়ে বুধবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন মনমোহন সিংয়ের সরকার ক্ষমতায় থাকাকালে তিস্তার পানি বণ্টন চুক্তি সই এবং সীমান্ত চুক্তি কার্যকরে মতৈক্য হয়।
তবে তা বাস্তবায়নের আগেই লোকসভা নির্বাচনে হেরে ক্ষমতা থেকে সরতে হয় কংগ্রেস সরকারকে।
স্থল সীমান্ত চুক্তির বিরোধিতাকারী বিজেপি ক্ষমতায় আসায় এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিলেও নতুন প্রধানমন্ত্রী মোদি এক্ষেত্রে ইতিবাচক মনোভাব দেখানোর ইঙ্গিত দিয়েছেন।
