সুষমা স্বরাজ আসছেন ২৫ জুন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তিন দিনের সফরে আগামী ২৫ জুন ঢাকা আসছেন।
গত মাসে সরকার গঠনের পর নরেন্দ্র মোদির মন্ত্রিসভার কোনো সদস্যের এটাই প্রথম বাংলাদেশ সফর।
শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সুষমা স্বরাজের ঢাকা সফরের দিনক্ষণ নিশ্চিত করে বলা হয়েছে, দুই দেশের সম্পর্ক জোরদারে নতুন গতি দেবে বলে আশা করছে তারা।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে এই শুভেচ্ছা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
সফরকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সফরকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিসের আয়োজনে একটি অনুষ্ঠানে বক্তৃতা করবেন সুষমা স্বরাজ।
মোদির সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর কার্যত এটাই সুষমার প্রথম বিদেশ সফর। অবশ্য সম্প্রতি ভুটান সফরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলেন তিনি।
প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের কয়েকটি অনিষ্পন্ন বিষয় রয়েছে।
এর মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি সই এবং স্থল সীমান্ত চুক্তি কার্যকরে বিগত কংগ্রেস সরকার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করে যেতে পারেনি।
ভারতে ক্ষমতার পালাবদলে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসার পর সংশয় দেখা দিলেও মোদি আশ্বস্ত করেছেন, দুটি ক্ষেত্রেই তার সরকার ইতিবাচক।
তবে এর বিনিময়ে তেঁতুলিয়া করিডোর খুলে দিতে সুষমা বাংলাদেশের কাছে অনুরোধ জানাতে পারেন বলে ভারতের কূটনৈতিক সূত্রের খবর।
ফাইল ছবি
অটল বিহারি বাজপাইয়ের সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সুষমা। হরিয়ানা সরকারের শিক্ষা এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন সাতবারের এই পার্লামেন্টারিয়ান।
বিজেপির হয়ে অনেক ‘প্রথমের’ অধিকারী সুষমা স্বরাজ। প্রথম নারী মুখ্যমন্ত্রী, দলের প্রথম নারী সাধারণ সম্পাদক এবং পার্লামেন্টারি দলের নেতার নির্বাচিত হন তিনি।
১৯৭০ সালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি সুষমা স্বরাজের। পরে নাম লেখান জনতা পার্টিতে।
