২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষমার সফরে ‘বিরোধ’ মীমাংসার আশা

সুষমা স্বরাজের ঢাকা সফর দুই দেশের সীমান্ত বিরোধ, অভিন্ন পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 10:29 AM

Updated : 25 Apr 2022, 04:22 PM

তিনি বলেছেন, তার দল ভারতের এই পররাষ্ট্র মন্ত্রীকে স্বাগত জানাবে।

ফেনীতে গণসংযোগ সফরে যাওয়ার আগে নয়া পল্টনে কার্যালয়ের নিজ চেম্বারে সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিব্যক্তি ব্যক্ত করেন।

তিনি সাংবাদিকদের বলেন, “নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ ভারতের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তার এই সফরকে আমরা স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের মানুষের প্রত্যাশা এই সফরের মধ্যমে দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের পথে এগিয়ে যাবে।” 

তিন দিনের শুভেচ্ছা সফরে বুধবার রাত সাড়ে ১০টায় ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা আসছেন। শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী তাকে অভ্যর্থনা জানাবেন।

ঢাকা সফরে সুষমা স্বরাজ পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন।

এছাড়া শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ভারতের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করেছে। তারা ক্ষমতায় আসার পর নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে দক্ষিণ এশীয় দেশসমূহের আঞ্চলিক সংস্থা সার্ককে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। তার অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুটান সফর করেছেন। বাংলাদেশে আসছেন পররাষ্ট্র মন্ত্রী। এটা ইতিবাচক।”

তিনি বলেন, “আমরা মনে করি, ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো ঘনিষ্টতর হবে।”

দ্বিপক্ষীয় সমস্যার বিষয়ে দলের অভিমত ব্যক্ত করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমরা আশা করি, ভারতের নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যকার সীমান্ত বিরোধ, সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’

পঞ্চদশ লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে গত ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নেন। তার সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পান সুষমা স্বরাজ।

সহিংস-নৈরাজ্যকর আন্দোলন করলে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে - বুধবার সংসদে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল হক সেলিমের দেয়া এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই সরকারের নির্যাতনের সব মাত্রা ছাড়িয়ে গেছে। আমাদের হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও হাজার হাজার নেতা-কর্মী গ্রেপ্তার করা হয়েছে। জনগণের ম্যান্ডেট না নিয়ে ক্ষমতায় বসে তারা গণতন্ত্র বিরোধী ফ্যাসিস্ট বক্তব্য রাখছে, যার উত্তর দেয়ার প্রয়োজন নেই।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলা সময়ে দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সাবেক সাংসদ শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।