২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাভোগ শেষে দেশে ১২ যুবক

অনুপ্রবেশের দায়ে ভারতে তিন বছর কারাভোগ শেষে ১২ যুবক দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 01:19 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

বৃহস্পতিবার বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেনাপোল সীমান্তে তাদের হস্তান্তর করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের এসআই হেলালুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার এ যুবকদের সীমান্তের অবৈধ পথে ভারতে পাচার করেছিল।

তারা হলেন, আব্দুস ছাত্তারের ছেলে ইব্রাহিম হোসেন(২৫), মুজিবর রহমানে ছেলে জসিম উদ্দিন(৩০), সোহারব হোসেনের ছেলে মিজানুর রহমান(২৭), রুস্তম আলির ছেলে নুরুল ইসলাম(৩১), মোকলেছ আলির ছেলে মইদুল ইসলাম(২৬), আব্দুল হালিমের ছেলে নিকছন আলি(২৪), নিছার আলির ছেলে আজিজুল ইসলাম(২২), আব্দুল গনির ছেলে ফেরদৌস আলি(২৮), খলিলুর রহমানের ছেলে শফি উদ্দিন(২৭), আব্দুল গনির ছেলে ওহিদুল ইসলাম(২৩), জয়নাল আবেদিনের ছেলে জামাল উদ্দিন(২৮) ও জিল্লুর রহমানের ছেলে আলী হোসেন(২৯)।

ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা হেলালুজ্জামান আরো জানান, ভারতের কেরালা শহরে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে আটক হন তারা। অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের তিন বছর কারাদণ্ড দেয়।

কারাভোগ শেষে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর বৃহস্পতিবার বিকালে ভারত সরকারের দেয়া বিশেষ পাসের মাধ্যমে তারা ফেরত আসেন বলে জানান তিনি।

বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা বেনাপোল বন্দরে তাদের গ্রহণ করেন। সন্ধ্যায় তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসা যুবক জামাল উদ্দিন বলেন, তিন বছর আগে দালালের মাধ্যমে ভালো কাজের আশায় সীমান্ত পথে তারা ভারতের কেরালা যান। সেখানে এক মাস কাজ করার পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের ধরে জেলে পাঠায়।