রানাকে বাদ দিয়ে মামলা করছে দুদক
ধসে পড়া রানা প্লাজার নির্মাণে অনিয়মের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে সোহেল রানার বাবা ও মৃত মায়ের নাম থাকলেও তার নামটি নেই।
বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে এই মামলার অনুমোদন হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
আসামি হিসেবে রানার বাবা আব্দুল খালেক, তার মা মৃত মর্জিনা বেগমের সঙ্গে সাভার পৌরসভার তৎকালীন মেয়র রেফাত উল্লাহ রয়েছেন।
ভবন ধসে সহস্রাধিক প্রাণহানির পর পুলিশের করার মামলাগুলোতে সোহেল রানাকে আসামি করা হলেও এই ভবনের কোনো নথিপত্রে রানার নাম পায়নি জানিয়ে তাকে আসামি করেনি দুদক।
এই বিষয়ে প্রশ্নে প্রণব কুমার বলেন, “দুদকের অনুসন্ধানের বিষয় ছিল ভবন নির্মাণে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা। এই ভবনে রানার সংশ্লিষ্টতার কোনো নথি পাওয়া যায়নি।”
দুককের অনুমোদিত মামলায় অন্য আসামিরা হলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক স্থপতি এটিএম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, ওই ভবনের ভাড়াটে ফ্যান্টম অ্যাপারেলসের চেয়ারম্যান আমিনুল ইসলাম, নিউ ওয়েব বটমসের এমডি বজলুস সামাদ এবং ইথার টেক্স এর এমডি আনিসুর রহমান।
সাভার পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাভার পৌরসভার টাউন প্ল্যানার ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক আব্দুল মোত্তালিব, সাভার পৌরসভার সাবেক সচিব মর্জিনা খান, সাবেক সচিব আবুল বাশারকেও আসামি করা হচ্ছে।
সোহেল রানার বাবা আব্দুল খালেক
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, বিভিন্ন ব্যাংকে প্রায় ২৩টি হিসাবের মাধ্যমে আর্থিক লেনদেন করতেন সোহেল রানা। তার মালিকানায় রয়েছে সাভারে একটি ৫ তলা আবাসিক ভবন, মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি দোতলা বাড়ি এবং রানা ব্রিকস ও এম কে ব্রিকস নামে দুটি ইটভাটা।
রানা প্লাজা ধসের চার দিন পর গত বছরের ২৮ এপ্রিল যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার হন সোহেল রানা।
