ইমারত বিধি ভঙ্গের মামলায় রানার বাবার জামিন
ইমারত বিধি না মেনে সাভারের রানা প্লাজা নির্মাণ করার মামলায় গ্রেপ্তার ভবনমালিক সোহেল রানার বাবা মো. আবদুল খালেককে জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি কাশিফা হোসেনের অবকাশকালীন বেঞ্চ বৃহস্পতিবার এই জামিন মঞ্জুর করে।
আদালতে খালেকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. নাজমুল হুদা। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল।
তবে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অন্য একটি মামলায় খালেকের জামিন আবেদন ফেরত দিয়েছে একই আদালত।
বেঞ্চ বলেছে, অজামিনযোগ্য ধারায় দায়ের করা এই মামলায় জামিন চাইতে হবে হাই কোর্টের নিয়মিত বেঞ্চে।
ইমারত বিধির মামলার এজাহারে মো. আবদুল খালেক ওরফে খালেক কুলুর নাম না থাকলেও ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১১ শ’র বেশি মানুষের মৃত্যু হওয়ার ঘটনায় সাভার মডেল থানায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ এই মামলা দায়ের করেন। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ দুই বছর শাস্তি হতে পারে।
এ মামলায় আসামি খালেককে জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও দিয়েছে হাই কোর্ট। এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য তাকে জামিন দেয়া হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রানা প্লাজার নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে রানার সঙ্গে তার বাবা-মার নামও রয়েছে। এ কারণে আইন ভঙ্গের অভিযোগে তার বাবাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়। তবে তার মায়ের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।”
রানা প্লাজা ধসের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে গত ২৫ এপ্রিল সাভার মডেল থানার উপ পরিদর্শক ওয়ালি আশলাফ খান অন্য মামলাটি দায়ের করেন। রানা, রানার বাবা আব্দুল খালেকসহ মোট ৬ জনকে ওই মামলায় আসামি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ যাবজ্জীবন হতে পারে।
