২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজাহার-হারুণের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৫ জুন

মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় এসিড আইনের করা মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম ও তার ছেলে হারুণ ইজাহারের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে ২৫ জুন আদেশ দেয়া হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 08:35 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষে এ দিন ঠিক করেন বিচারক।

আসামিদের আইনজীবী আবদুস সাত্তার বলেন, “আমরা আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার আবেদনও করেছিলাম। অভিযোগ গঠন ও অব্যাহতির আবেদন- দুটি বিষয়েই শুনানি হয়েছে।

“আদালত আগামী ২৫ জুন এ বিষয়ে সিদ্ধান্ত দেয়ার জন্য সময় নির্ধারণ করেছেন।”

গত ২৮ মে মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার এসআই মো. লোকমান হোসেন চট্টগ্রাম মহানগর আদালতের পুলিশ প্রশিকিউশন শাখায় এ অভিযোগপত্র জমা দিলেও ৫ জুন তা আমলে নেয় আদালত।

এতে এসিড নিয়ন্ত্রণ আইনের ৩৬ ধারায় মুফতি ইজাহার ও হারুণ ইজাহারকে অভিযুক্ত করা হয়। অভিযোগপত্রে ৩৪ জনকে সাক্ষী করা হয়েছে।

লালখান বাজার মাদ্রাসার পরিচালক মুফতি ইজাহার পলাতক থাকলেও হারুণ ইজাহার কারাগারে আছেন।

গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ শুরুত এটিকে ল্যাপটপ বিস্ফোরণ বলে চালাতে চাইলেও মাদ্রাসায় অভিযান চালিয়ে হাতবোমা, এসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ। পরে পুলিশ বিস্ফোরক ও এসিড আইনে দুটি এবং একটি হত্যা মামলা করে।

গত ১০ ফেব্রুয়ারি বিস্ফোরক মামলায়ও মুফতি ইজাহার ও হারুণসহ ৯ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ৬ এপ্রিল এই মামলায় অভিযোগ গঠন করা হয়।

এছাড়া সম্পদ বিবরণীর মামলায়ও মুফতি ইজাহারের বিরুদ্ধে আাদলতে অভিযোগ গঠন হয়েছে।