২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের বাধায় স্থগিত সীমানা প্রাচীর নির্মাণ

দুদেশের বৈঠকে সিদ্ধান্ত হওয়ার একদিন পরই বিএসএফের বাধায় বেনাপোল চেকপোস্টে সীমানা প্রাচীর নির্মাণ স্থগিত হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 08:47 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

পুলিশ ও বিজিবি জানায়, সোমবার সকালে বাংলাদেশ সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে, বিএসএফের বাধায় বেলা ১১টার পর তা বন্ধ হয়ে যায়।  

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৫১ সালে ভারত-পাকিস্তান (বর্তমান ববাংলাদেশ) পাসপোর্ট চালু হলে বেনাপোল ইমিগ্রেশনের নামে এক দশমিক ৮০ একর জমি বরাদ্দ দেওয়া হয়।

স্বাধীনতার পর ইমিগ্রেশনের জায়গায় তৈরি হয় প্রশাসনিক ও আবাসিক ভবন। কিন্তু ইমিগ্রেশন ভবনের সীমানা প্রাচীর নির্মাণ করা হয়নি।

তিনি বলেন, সীমানা প্রাচীরের নির্মাণ কাজ শুরুর আগে রোববার সকালে বেনাপোলে বিজিবি, পুলিশ ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে নির্দিষ্ট সীমারেখার মধ্যে নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত হয়।

কিন্তু সকালে কাজ শুরু করলে বিএসএফ বাধা দেয়।

মনিরুজ্জামান আরো বলেন, বিএসএফ জানিয়ে দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সীমানা প্রাচীর নির্মাণ করা যাবে না। অথচ বিএসএফ অনেক আগেই তাদের সীমানা প্রাচীর তৈরি করে ফেলেছে।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। ১২ জুন দুদেশের ভূমি জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা বেনাপোল চেকপোস্টে এসে জরিপ করার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।