২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফলে ফরমালিন, চট্টগ্রামে দুই দোকানকে জরিমানা

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে দুটি দোকানের আম ও আঙ্গুরে ফরমালিন সনাক্ত করেছে মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 07:18 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

সোমবার দুপুরে নগরীর মুরাদপুর ও জিইসি মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম জামাল হোসেন।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. শওকত ওসমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে জিইসি মোড়ের চারটি এবং মুরাদপুর মোড়ের দুটি ফলের দোকানে আম, আঙ্গুর, লিচু ও পেপের নমুনা পরীক্ষা করা হয়।

“এসময় জিইসি মোড়ের মেসার্স ফুড ফেয়ারে লাল আঙ্গুরে এবং মুরাদপুর মোড়ের মেসার্স জসিম স্টোরে গুটি ল্যাংড়া আমে ফরমালিনের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়।”

ভ্রাম্যমাণ আদালত ফুড ফেয়ারকে ১০ হাজার টাকা এবং জসিম স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। এসময় তিন কেজি আঙ্গুর ও ২০ কেজি আম নষ্ট করা হয়।