২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা আটক: অভিযোগপত্রে আসামি অন্তর্ভুক্তির শুনানি ২৯ জুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯২৩টি সোনার বার আটক মামলার অভিযোগপত্রে তিন আসামির নাম অন্তর্ভুক্ত করতে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি হবে ২৯ জুন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 09:02 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমান এ দিন ধার‌্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, “অভিযোগপত্রে তিনজনকে অন্তর্ভুক্ত করার আবেদন করেছি। আদালত তা গ্রহণ করে শুনানির সময় নির্ধারণ করেছে।”  

গত ২৫ মার্চ শাহ আমানত বিমানবন্দর থেকে ৪৬ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ৯২৩টি সোনার বার উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা।

এ ঘটনায় গ্রেপ্তার ১০ জনকে আসামি করে পতেঙ্গা থানায় একটি মামলা করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।  

আসামিরা হলেন- শফিউল ইসলাম, মনসুর ইসলাম রকি, নাহিদ তালুকদার, পেয়ারুল ইসলাম, ইমতিয়াজ খান, মো. ইয়াকুব, মাহিন উদ্দিন, মো. রহিম শিকদার, ফজলুল হক ওরফে ফয়সাল ও মাহমুদুল হাসান।

আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর গত ১১ মে দশ আসামির মধ্যে ৩ জনকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দেন।

মো. রহিম শিকদার, ফজলুল হক ওরফে ফয়সাল ও মাহমুদুল হাসানের নাম অভিযোগপত্রে রাখা হয়নি।

২৬ মে রাষ্ট্রপক্ষ অভিযোগপত্রে নারাজি দিয়ে ওই তিনজনকে অর্ন্তভুক্ত করার আবেদন করে।

আসামিদের মধ্যে দুইজন উচ্চ আদালত থেকে জামিন পেলেও বাকি ৮ জন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।