রফিউর রাব্বির প্রার্থিতা বাতিল
খেলাপি ঋণ থাকায় নারায়ণগঞ্জ উপনির্বাচনে ভোটের লড়াই থেকে বাদ পড়লেন নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি।
২৬ জুন অনুষ্ঠেয় এই উপনির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর রোববার আট প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।
তবে রাব্বি দাবি করেছেন, প্রভাব খাটিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর বিরুদ্ধে আপিল করবেন তিনি।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রত্যাশী রাব্বির পাশাপাশি বিএনএফ নেতা হামিদুর রহমান খান ভাসানীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বাকি ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এদের মধ্যে জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান, স্বতন্ত্র প্রার্থী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাবেক সংসদ সদস্য এস এম আকরাম রয়েছেন।
এছাড়া মোহাম্মদ মামুন সিরাজুল এবং কৃষক, শ্রমিক, জনতা লীগের প্রার্থী শফিকুল ইসলাম দেলোয়ার ও ইকবাল সিদ্দিকীর মনোনয়নপত্রও বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
রাব্বির খেলাপি ঋণের কথা কয়েকদিন আগে গণমাধ্যমে তুলে ধরেছিলেন সেলিম ওসমানের ভাই, নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রাব্বির পোশাক কারখানা ‘সাইন নিটওয়্যার লিমিটেড’র কাছে সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ কর্পোরেট শাখা সুদে-আসলে ১৯ কোটি ৪০ লাখ ১০৪ টাকা পাওনা বলে জানান তিনি।
সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকও ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত করায় রাব্বির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের উপসচিব মিহির।
এছাড়া নতুন প্রার্থী হিসেবে রাব্বির জমা দেয়া ১ শতাংশ ভোটারের তালিকার মধ্যে ১০ জনকে বাছাই করে তাদের কাছে সমর্থন দেয়ার কথা জানতে চাইলে দুজন সমর্থনের কথা অস্বীকার করেছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
আবেদনপত্রে ত্রুটি থাকায় বিএনএফের হামিদুরের মনোনয়নপত্র বাতিল করা হয়।
যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তারা আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জানানো হয়েছে।
মনোনয়নপত্র বাতিলের প্রতিক্রিয়ায় রাব্বি সাংবাদিকদের বলেন, “প্রতিষ্ঠানের দায় ব্যক্তির ওপর বর্তানোর সর্বশেষ আইন হয়েছে ২০১৩ সালের জুলাই মাসে। আমাদের প্রতিষ্ঠানের ঘটনাটি ১৯৯৫ সালের। কাজেই প্রতিষ্ঠানের দায় ব্যক্তির ওপর বর্তানোর সর্বশেষ আইন অনুযায়ী আমার ওপর প্রযোজ্য নয়।”
এক্ষেত্রে প্রভাব খাটানো হয়েছে অভিযোগ তুলে বলেন, “আমার মনোনয়পত্র বাছাই কার্যক্রম শুরুর আগেই গণমাধ্যমে প্রচার শুরু হয়, আমার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। এ ক্ষেত্রে নির্বাচন অফিসের ভূমিকা প্রশ্নবিদ্ধ।
“প্রভাব খাটিয়ে আমার মনোনয়পত্র বাতিল করা হয়েছে। আশা করছি, আপিলে আমার মনোনয়নপত্র বৈধ হবে।”
রফিউর রাব্বি
এক বছর আগে নিজের স্কুলপড়ুয়া ছেলে তানভীর মোহাম্মদ ত্বকীর হত্যাকাণ্ডের জন্যও ওসমান পরিবারকে দায়ী করে আসছেন তিনি।
নারায়ণগঞ্জে ওসমান পরিবারের বিরুদ্ধে সরব মেয়র সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন পরিচালনার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রাব্বি।
তার প্রার্থিতা বাতিল হওয়ার পর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন এবং জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আকরাম দুজনই এখন আইভীর সমর্থন প্রত্যাশা করছেন। এই দুজনও আইভীঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার সাংবাদিকদের বলেন, তিনি তার প্রার্থিতা নিয়ে আইভীর সঙ্গে কথা বলেছেন এবং তাকে ‘আশ্বস্ত’ করেছেন মেয়র।
নাগরিক ঐক্যের উপদেষ্টা আকরামও বলেন, “গত সিটি কর্পোরেশন নির্বাচনে আমি ঝুঁকি নিয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আইভীর পক্ষে কাজ করেছিলাম। আশা করছি, নির্বাচনে আইভী আমাকেই সমর্থন দেবেন।”
রাজনৈতিক পরিবারে থেকেও এতদিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকা সেলিম এই প্রথম ভোটের লড়াইয়ে নেমেছেন এবং তিনিও আইভীর সমর্থন প্রত্যাশা করেছেন।
আওয়ামী লীগ এই আসনে কোনো প্রার্থী দিচ্ছে না, তারা আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে।
