২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অধিকার আদায় ও রক্ষায় সোচ্চার হতে হবে’

অধিকার আদায় ও রক্ষায় নারীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য কমিশনার সাদেকা হালিম।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 07:10 PM

Updated : 22 Aug 2022, 08:37 PM

শুক্রবার দিনাজপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘ভূমি ও নারী’ শীর্ষক এক সেমিনারে তিনি গেস্ট অব অনার ছিলেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এ সময় তিনি বলেন, শুধু নির্বাচনে জিতে আসলেই হবে না, ইউনিয়ন-পৌরসভা- সিটি কর্পোরেশ-সংসদে নিজেদের অধিকার আদায় ও রক্ষায় সোচ্চার হতে হবে।

যেখানে জনগোষ্ঠীর অর্ধেকই নারী, সেখানে নারীরা সচেতন ও সোচ্চার হলেই দাবি বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন তিনি। 

বাংলাদেশে নারী উন্নয়নে পথিকৃতদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম উল্লেখ করে সাদেকা হালিম বলেন, রাজনীতিতে নারীদের অগ্রগতি এবং স্থানীয় সরকার নির্বাচনে নারীদের আজকের অবস্থান প্রধানমন্ত্রীরই অবদান।

“আমরা পার্লামেন্টে সংরক্ষিত আসন আমরা আর দেখতে চাই না, এখানেও আগামীতে নির্বাচন চাই,” বলেন তিনি।

বেসরকারি উন্নয়ন সংগঠন আন্তঃজেলা জনসংগঠন ঐক্য পরিষদ,  কমিউনিটি ডেভলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ),  পিএলএনেট, আরবান ও আইএলসি এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা জাহান লিটা।

সিডিএ-এর সভা প্রধান মেহেরুন নেছা ছবির সভাপতিত্বে ‘ভুমি ও নারী বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এএলআরডির সানজিদা খান রিপা, জমিতে নারী অধিকার বিষয়ে বক্তব্য রাখেন নাসিমুল আহসান।

সূচনা বক্তব্য রাখেন সিডিএ-এর নির্বাহী পরিচালক শাহ-ই মবিন জিন্নাহ।