২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপদাহের পর বৃষ্টিতে দিনাজপুরে লিচুতে ফাটল

তাপদাহের পর টানা তিন দিনের বৃষ্টিতে দিনাজপুরে লিচু ফেটে গেছে। এতে আর্থিক ক্ষতির আশংকায় অনেক বাগান মালিক অপরিপক্ক লিচু কম দামেই বিক্রি করে দিচ্ছে।

দিনাজপুর প্রতিনিধি

মোর্শেদুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 04:12 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

পুরনো খবর:

প্রতিকূল আবহাওয়ায় দিনাজপুরে লিচুর ফলন কম

উত্তরাঞ্চলে কয়েকদিনের পরিবহন ধর্মঘটের সময় বাগান মালিকরা তেমন লিচু বিক্রি করতে পারেনি। পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও শুরু হয় লাগাতার বৃষ্টি।

দিনাজপুর আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী গত এক সপ্তাহে দিনাজপুরে বৃষ্টিপাত হয়েছে ১৬৪ মিলিমিটার। এর মধ্যে ২৭ মে থেকে ২৯ মে সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৯২ দশমিক ২ মিলিমিটার।

এই বর্ষণের পর দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর, শিকদারহাট, উত্তর গোবিন্দপুর, সুইহারী খালপাড়া এলাকার বেশ কয়েকটি লিচু বাগানে সরেজমিনে দেখা গেছে কিছু কিছু গাছের লিচু ফেটে গেছে। বড় আকৃতির লিচু ফেটে আঁশ বেরিয়ে এসেছে। কিছু কিছু লিচুর গায়ে কালো দাগ দেখা গেছে।

সদর উপজেলার উত্তর গোবিন্দপুর এলাকার লিচু বাগান মালিক ইউসুফ আলী ও মাসিমপুরের মাহবুবুর রহমান জানান, কয়েকদিন টানা বৃষ্টিপাতের পর লিচুতে ফাটল দেখা দিয়েছে। ব্যাপকহারে না হলেও লিচুর প্রতিটি থোকায় কম-বেশি লিচু ফেটেছে। এছাড়া কিছু কিছু লিচুতে কালো দাগ পড়েছে।

এ বিষয়ে দিনাজপুরের হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ববিদ ড. মো. সাইখুল আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটানা খরায় গাছসহ ফল-এ রস ঘাটতি ছিল।

“গাছের গোড়ায় পানি দিয়ে এবং লিচুতে স্প্রে করা হলেও যেসব গাছে রস কম ছিল সেসব গাছের লিচু হঠাৎ টানা বৃষ্টিতে ফেটে যেতে পারে এবং সেটিই হয়েছে।

তবে এই লিচুতে ফাটল খুব বেশি নেই বলেও জানান তিনি।

দিনাজপুরে প্রায় আড়াই ২ হাজার হেক্টর জমিতে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না-থ্রি জাতের লিচু আবাদ হয়েছে। এ জেলায় ১’শ হেক্টর জমিতে লিচু বাগান এবং বসতবাড়ির ৪০২ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছ।