প্রতিকূল আবহাওয়ায় দিনাজপুরে লিচুর ফলন কম
দেশব্যাপী খ্যাত দিনাজপুরের লিচু বাজারে এসেছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে এবার ফলন কমার পাশাপাশি হওয়া লিচুর আকার বেশি বড় হয়নি।
এছাড়া লিচুর স্বাভাবিক রং ধরার আগেই পেকে ফেটে যাচ্ছে। চির চেনা মিষ্টি স্বাদেও ঘাটতি রয়েছে।
দিনাজপুর কৃষি বিভাগের হিসাব মতে, দিনাজপুর জেলায় প্রায় আড়াই ২ হাজার হেক্টর জমিতে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না-থ্রি জাতের লিচু আবাদ হয়েছে। এর মধ্যে ২১শ’ হেক্টর বাগান এবং ৪০২ হেক্টর বসতবাড়ি রয়েছে। গাছের সংখ্যা প্রায় সোয়া ৪ লাখ।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই এলাকায় নতুন নতুন লিচুর বাগান হচ্ছে।
সব চেয়ে বেশি লিচুর বাগান রয়েছে সদরের মাসিমপুর, পুলহাট, সিকদারহাট, গোপালগঞ্জ, বাশেরহাট এবং বিরল উপজেলার মাধববাটি, করলা, নারাবাড়ি, হুসনা, রবিপুর ও কাজিপাড়ায়।
বিরল উপজেলার বাগান মালিক মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার শিলাবৃষ্টি, অনাবৃষ্টি ও পশ্চিমা বাতাসসহ প্রতিকূল আবহাওয়ার কারণে গত মৌসুমের তুলানায় লিচুর ফলন অনেক কম হয়েছে।
একই কারণে লিচুর আকার ও স্বাদেও পরিবর্তন এসেছে।
স্বাভাবিক রং ধরার আগেই মাদ্রাজি লিচু পেকে ফেটে যাচ্ছে বলেও জানান তিনি।
লিচু বিক্রেতা আরিফুল ইসলাম জানান, বাজারে এখন প্রতি হাজার মাদ্রাজি লিচু ১৮শ’ থেকে ২২শ’ টাকায় বিক্রি হচ্ছে।
১০/১২ দিন পরেই বাজারে বোম্বাই, বেদনা ও চায়না থ্রি জাতের লিচু আসার পর লিচুর বাজার পুরোপুরি জমে উঠবে বলে আশা করছেন তিনি।
এদিকে, চাহিদার বিষয়টি মাথায় রেখে বাগান মালিকরা ক্রেতাদের আকৃষ্ট করতে লিচুর বাগানগুলোয় বিভিন্ন ধরনের কেমিক্যাল স্প্রের প্রতিযোগিতা শুরু করেছে।
সদরের মাসিমপুরে বাগান মালিক সহিদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়া থেকে লিচু রক্ষায় রোগ-বালাই প্রতিরোধ এবং রং ও আকারে আকর্ষণীয় করতে তারা বিভিন্ন ধরনের ভিটামিন ও কীটনাশক স্প্রে করছেন।
