বিদেশি ছাত্রকে অস্ত্র ঠেকিয়ে লাখ টাকা ছিনতাই
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় এক বিদেশি ছাত্রের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকের পাঁচলাইশের প্রবর্তক মোড় এলাকায় অর্থ ছিনিয়ে নেয়ার সময় রিকশা থেকে পড়ে ওই শিক্ষার্থী আহত হন বলে পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক জানিয়েছেন।
আহত শিক্ষার্থীর নাম লারডেজ ওয়ারেন (২৪)। মালয়েশিয়ার নাগরিক লারডেজ চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী।
ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে নাসিরাবাদের বাসা থেকে রিকশায় চড়ে মেডিকেল কলেজের দিকে যাওয়ার সময় প্রবর্তক মোড়ে ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে তার গতিরোধ করে।
“ধারালো অস্ত্রের মুখে লারডেজের কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে রিকশা থেকে পড়ে তিনি সামান্য আহত হন।”
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিকশা থেকে পড়ে গিয়ে মেডিকেল শিক্ষার্থী সামান্য আহত হয়েছেন। তিনি ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।”
