২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুই বোনকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

সিলেটের বিয়ানীবাজারে মা-বাবাকে বেঁধে দুই মেয়েকে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 12:43 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

বিয়ানী বাজার থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার রাত ও মঙ্গলবার ভোরে বিয়ানীবাজার ও কানাইঘাট উপজেলা থেকে এই দুজনকে আটক করা হয়েছে।

এরা হলেন- নজরুল ইসলাম (৪০) ও সেলিম আহমদ (৩০)। নজরুল ধর্ষিতদের বাবার করা মামলার প্রধান আসামি জয়নুল ইসলামের বড় ভাই।  

ওসি জানান, মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

রোববার ভোররাতে ৭/৮ জন মুখোশধারী দুর্বৃত্ত বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের এক চানাচুর বিক্রেতার ঘরে সিঁদ কেটে ঢুকে। অস্ত্রের মুখে স্ত্রীসহ চানাচুর বিক্রেতাকে বেঁধে তাদের দুই মেয়েকে ধর্ষণ করে তারা।

এ ঘটনায় উপজেলার পূর্ব পইলগ্রামের মকদম আলীর ছেলে জয়নুল ইসলামের নাম উল্লেখসহ আরো পাঁচজনকে আসামি করে রোববার রাতে বিয়ানীবাজার থানায় একটি মামলা হয়।

ধর্ষিতদের পরিবারের কাছে খবর পেয়ে পুলিশ দুই কিশোরীকে এনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।

দুই বোনের ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন মঙ্গলবার দেয়া হবে বলে হাসপাতালের উপ-পরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

পুরনো খবর:

সিঁদ কেটে ঢুকে মা-বাবাকে বেঁধে দুই মেয়েকে ধর্ষণ