২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঁদ কেটে ঢুকে মা-বাবাকে বেঁধে দুই মেয়েকে ধর্ষণ

সিলেটে সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্যক্তি ও তার স্ত্রীকে বেঁধে তাদের দুই মেয়েকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 12:36 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

বিয়ানীবাজারের ধর্ষিত ওই দুই কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চারখাই ইউনিয়নের একটি গ্রামে গত রোববার মুখোশধারী একদল দুর্বৃত্ত তাদের ধর্ষণ করে বলে পুলিশে অভিযোগ করা হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৭ থেকে ৮ জন মুখোশধারী দুর্বৃত্ত ওই চানাচুর বিক্রেতার ঘরে সিঁদ কেটে ঢুকে। অস্ত্রের মুখে মা-বাবাকে বেঁধে রেখে দুই মেয়েকে ধর্ষণ করে চলে যায় তারা।”

ধর্ষিতদের পরিবারের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে দুই কিশোরীকে এনে হাসপাতালে ভর্তি করেছে।

ধর্ষিতদের বাবা রোববার রাতে পাঁচজনকে আসামি করে বিয়ানীবাজার থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানালেও তাদের নাম প্রকাশ করতে চাননি ওসি।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই কিশোরীর পরীক্ষা করা হবে।

হাসপাতালের উপ-পরিচালক তন্ময় ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের মেডিকেল চেকআপ করা হচ্ছে। এরপরই বিস্তারিত জানা যাবে।”