নড়িয়ায় কলেজছাত্রকে পিটিয়ে হত্যা
শরীয়তপুরের নড়িয়ায় এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত রানা বেপারী উপজেলার মুলনা চেরাগ আলী মাদবর কান্দি গ্রামের জাহাঙ্গীর বেপারীর ছেলে। নড়িয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন রানা।
ওসি কবিরুল বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে রানাকে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মুলনা শেহের আলী মাদবর কান্দি গ্রামের জাফর শেখ বলেন, সোমবার রাতে রানাসহ বেশ কয়েকজন নড়িয়া কীর্তিনাশা নদীতে গোলাম মাওলা সেতুর উপর বসে আড্ডা দিচ্ছিল। এ সময় ৪/৫ জন লোক এসে তাকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায়।
“রানাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় রানা।”
রানার বাবা জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে নড়িয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি কবিরুল।
