২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংরেজিতে ‘ভয়’ কেটেছে, পাসে রেকর্ড

ইংরেজি ও গণিতসহ ‘কঠিন’ বিষয়গুলোতে পাসের হার বাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার রেকর্ড ফল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 09:08 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

পুরনো খবর:

আগামীতে শতভাগ পাসের আশা প্রধানমন্ত্রীর
শৃঙ্খলা ফেরায় শিক্ষা খাতে সব সূচকে অগ্রগতি: মন্ত্রী
৬ হাজার প্রতিষ্ঠানে সবাই উত্তীর্ণ
মাধ্যমিকে পাস ৯১.৩৪ শতাংশ

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবছর সম্মিলতভাবে ৯১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

ফল পর্যালোচনা করে দেখা যায়, গত পাঁচ বছরের ব্যবধানে এই পরীক্ষায় পাসের হার বেড়েছে ১১ দশমিক ৩৬ শতাংশ পয়েন্ট, ধারাবাহিকভাবে কমেছে ফেলের হার।

আটটি সাধারণ বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডে এবার ইংরেজিতে ৯৮ দশমিক ৬০ শতাংশ এবং গণিতে ৯৬ দশমিক ৮৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

আর পদার্থ বিজ্ঞানে ৯৮ দশমিক ৩৩ শতাংশ এবং রসায়নে ৯৭ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবার।

কঠিন বিষয়গুলোতে ভালো ফলের সঙ্গে বিশেষ কোনো বিষয়ে ঢালাও ফেল না থাকায় এবার পাসে রেকর্ড হয়েছে বলে বিভিন্ন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা জানিয়েছেন।

এছাড়া মফস্বলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পাসের হার বাড়ায় গত বছর থেকে পাসের হার ২ দশমিক ৩১ শতাংশ পয়েন্ট বেড়েছে বলে মনে করছেন তারা।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সব বিষয়েই পাসের হার ভালো, তাই গড় পাসের হার বেড়েছে।

সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান বলেন, সৃজনশীল প্রশ্নে লিখতে পারলেই নম্বর পায় শিক্ষার্থীরা। তাই পাস করাটা সহজ।

“সৃজনশীল প্রক্রিয়াটাই শিক্ষার্থীদের পাস করাকে সহজ করে দিয়েছে। আর ইংরেজিতসহ কঠিন বিষয়গুলোতে শিক্ষার্থীদের ভয় কেটে গেছে। গ্রামার মুখস্ত না করেই বুঝে ইংরেজির উত্তর দেয়ার সুযোগ রয়েছে।”

এবার এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ও উচ্চতর গণিত ছাড়া সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হয়েছে।

রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা মনে করেন, সৃজনশীল পদ্ধতিকে শিক্ষার্থীরা ‘অ্যাডজাস্ট’ করে নেয়ায় পাসের হার বাড়ছে এবং আগামীতে আরো বাড়বে।

সৃজনশীল পদ্ধতিতে ইংরেজি ব্যাকরণে প্রাধান্য না দিয়ে লেখা ও পড়ার ওপর জোর দেয়া হয় জানিয়ে তিনি বলেন, প্রশ্ন পড়ে উত্তর লেখার সুযোগ রয়েছে।

ইংরেজি ও গণিতসহ যেসব বিষয়কে কঠিন মনে করা হতো, শিক্ষক-শিক্ষার্থীরা সচেতন হওয়ায় ওইসব বিষয়ে পাসের হার বেড়েছে বলে মনে করেন হুরাইরা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম জানান, সারাদেশে প্রায় আট হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে কঠিন বিষয়গুলোর ওপর বিশেষ ক্লাস নেয়া হয়েছে। তাই ওইসব বিষয়ে এবার অনেক ভালো ফল হয়েছে।

ছিল জেএসসির অভিজ্ঞতা

২০১০ সালে যারা প্রথমবারের মতো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তারা ২০১৩ সালের এসএসসিতে অংশ নেয়।

এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়া সবাই জেএসসির ধাপ পার হয়ে আসায় মোট পাসের হারে তার প্রভাব রয়েছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মেধা বাড়ছে মাফস্বলে

শহরের নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে মফস্বলের স্কুলগুলোও এসএসসিতে বেশ ভালো ফল পেয়েছে।

এবার সারাদেশে ৬ হাজার ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা গতবারের চেয়ে এক হাজার ১১৮টি বেশি।

শতভাগ পাসের তালিকায় শহরের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মফস্বলের এসব প্রতিষ্ঠান যোগ হওয়ার গড় পাসের হার বেড়েছে।

বিজ্ঞানে ৩৪ শতাংশই জিপিএ-৫

এবারের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১১ দশমিক ২৪ শতাংশ পূর্ণ জিপিএ পেয়েছে। গত বছর ৭ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

বিজ্ঞান বিভাগ থেকে এবার ৯৩ হাজার ২৬৮ জন জিপিএ-৫ পেয়েছে, যা এই বিভাগে মোট উত্তীর্ণের ৩৪ দশমিক ২৭ শতাংশ।

অন্যদিকে মানবিকে ৫ হাজার ১১১ জন এবং ব্যবসায় শিক্ষায় ২৩ হাজার ৯৩৪ শিক্ষার্থী পূর্ণ জিপিএ পেয়েছে।

এবার উত্তীর্ণদের মধ্যে ৩২ দশমিক ২৬ শতাংশ ‘এ’ গ্রেড, ২০ দশমিক ৯৯ শতাংশ ‘এ মাইনাস’, ১৫ দশমিক ৮২ শতাংশ ‘বি’ গ্রেড, ১১ দশমিক ৬৯ শতাংশ ‘সি’ গ্রেড এবং দশমিক ৬৬ (০.৬৬) শতাংশ শিক্ষার্থী ‘ডি’ গ্রেড পেয়েছে।

এবছর সারাদেশে এক লাখ ৪২ হাজার ২৭৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের থেকে ৫১ হাজার ৫০ জন বেশি।

এবারো এগিয়ে ছেলেরা

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হারের হিসাবে গতবারের মতো এবারো মেয়েদের পেছনে ফেলেছে ছেলেরা।

মোট পাস করা ১৩ লাখ তিন হাজার ৩৩১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৭১ হাজার ৯৬১ জন। ছেলেদের পাসের হার ৯১ দশমিক ৮৪ শতাংশ।

অন্যদিকে ছয় লাখ ৩১ হাজার ৩৭০ জন মেয়ে শিক্ষার্থী পাস করেছে এবার। মেয়েদের পাসের হার ৯০ দশমিক ৮১ শতাংশ।

গত বছর সম্মিলিতভাবে ৮৮ দশমিক ৮৮ শতাংশ ছাত্রী এবং ৮৯ দশমিক ১৮ শতাংশ ছাত্র পাস করেছিল।

সেরা রাজশাহী বোর্ড

এসএসসিতে পাসের হারের বিবেচনায় এ বছর সবগুলো শিক্ষাবোর্ড থেকে রাজশাহীর শিক্ষার্থীরা ভালো করেছে। এ বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৩৪ শতাংশ।

ঢাকা বোর্ড ৯৩ দশমিক ৯৪ শতাংশ, কুমিল্লা ৮৯ দশমিক ৯২ শতাংশ, যশোর ৯২দশমিক ১৯ শতাংশ,চট্টগ্রাম ৯১ দশমিক ৪০ শতাংশ, বরিশাল ৯০ দশমিক ৬৬ শতাংশ, সিলেট ৮৯ দশমিক ২৩ শতাংশ ও দিনাজপুর বোর্ডে ৯৩ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ২৫ শতাংশ এবং কারিগরি বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছে ৮১ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী।