২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ হাজার প্রতিষ্ঠানে সবাই উত্তীর্ণ

এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর সারাদেশে ৬ হাজার ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা গতবারের চেয়ে এক হজার ১১৮টি বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 05:36 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

এই পরীক্ষায় গত বছর সারাদেশে ৫ হাজার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল।

শনিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৯১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।

এবার দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৩ হাজার ৩৩৯টি স্কুলের শতভাগ পরীক্ষার্থী এসএসসিতে পাস হয়েছে।

ঢাকা বোর্ডে ৭০৫টি, রাজশাহী বোর্ডে এক হাজার ৫৫টি, কুমিল্লা বোর্ডের ১৬৭টি, দিনাজপুর বোর্ডের ৬৬১টি, সিলেট বোর্ডের ৬৭টি, যশোর বোর্ডের ৩৮৫টি, বরিশাল বোর্ডের ২০৮টি এবং চট্টগ্রাম বোর্ডের ৯১টি প্রতিষ্ঠান এই কৃতিত্ব দেখিয়েছে।

শতভাগ পাসের দিক দিয়ে সবচেয়ে ভাল ফল দেখিয়েছে মাদ্রাসা বোর্ডে। এবার ২ হাজার ৪৬৭০টি মাদ্রাসার সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

কারিগরি বোর্ডে শতভাগ শিক্ষার্থী পাস করেছে ২০১টি প্রতিষ্ঠানে।

অন্যদিকে এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা আগের বছরের তুলনায় এবার দুটি বেড়েছে।

গত বছর ২২টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে না পারলেও এবার ২৪টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।

এবার কেউ উত্তীর্ণ হয়নি এমন তালিকায় মাদ্রাসা বোর্ডের ২১টি প্রতিষ্ঠান রয়েছে।

এছাড়া ঢাকা, বরিশাল ও দিনাজপুর বোর্ডের একটি করে প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী এসএসসিতে পাস করতে পারেনি।

শতাভাগ শিক্ষার্থী পাসকরা শিক্ষা প্রতিষ্ঠান বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।