২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৃঙ্খলা ফেরায় শিক্ষা খাতে সব সূচকে অগ্রগতি: মন্ত্রী

শিক্ষাখাতে শৃঙ্খলা ফিরে আসায় ফলাফলসহ সব সূচকেই অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 07:22 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

শনিবার সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রী বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে। স্কুলে ১ জানুয়ারি ক্লাস শুরু হয় ও শিক্ষার্থীরা নতুন বই পায়।

“কলেজে ১ জুলাই ক্লাস শুরু হয়। শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। দুর্বল শিক্ষা প্রতিষ্ঠান চিহ্নিত করে সেখানে বিশেষ ক্লাস করানো হচ্ছে। অর্থাৎ শিক্ষাখাতে শৃঙ্খলা ফিরে এসেছে।”

মন্ত্রী বলেন, “আগের থেকে এবার সবগুলো সূচকেই ইতিবাচক অগ্রগতি হয়েছে। এর ফল আমরা পাচ্ছি, পরীক্ষার্থীরাও সুফল পাচ্ছে।”

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতার ছাপ ফলাফলেও প্রতিফলিত হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৯১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।

ইংরেজি, গণিত ও বিজ্ঞানে আগে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার তথ্য দিয়ে নাহিদ বলেন, যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব বিষয়ে দুর্বল তাদের চিহ্নিত করে আলাদা ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল।

“পাঁচ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া সৃজনশীল পদ্ধতিতে বুঝে উত্তর দেয়ার দক্ষতা শিক্ষার্থীদের বেড়ে গেছে। ফলে পাসের হার বেড়েছে। এই ফলাফলে দেশবাসীও উৎসাহিত হবেন।”

এসএসসিতে উত্তীর্ণ সব শিক্ষার্থীই কলেজে ভর্তির সুযোগ পাবে জানিয়ে নাহিদ বলেন, কলেজগুলোতে এর থেকে অনেক বেশি আসন রয়েছে।

পাশের হার বৃদ্ধির সঙ্গে মান বাড়ছে না- এমন পর‌্যবেক্ষণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “এটা ঠিক না। তবে আমাদের লক্ষ্য বিশ্বমান অর্জন করা।”

গত বছর এসএসসি পরীক্ষায় সবগুলো বোর্ডের মধ্যে সিলেট ভালো ফল করলেও এবার রাজশাহী বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি।

এবিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এটা ভালো দিক। বোর্ডগুলোর মধ্যে ভালো করার প্রতিযোগিতা চলছে।

অনুত্তীর্ণ শিক্ষার্থীদের হতাশ না হয়ে প্রস্তুতি নিয়ে আবার পরীক্ষায় বসার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

এবার প্রশ্ন ফাঁসের কারণে উচ্চ মাধ্যমিকের একটি পরীক্ষা স্থগিত হলেও এসএসসিতে প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগই ওঠেনি বলে দাবি করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এইচএসসির প্রশ্ন ফাঁসের সঙ্গে যারা জড়িত তদন্তের মাধ্যমে অবশ্যই তাদের চিহ্নিত করা হবে, তদন্ত কমিটি কাজ করছে।

শিক্ষা সচিব মোহাম্মদ সাদিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন বোর্ড চেয়ারম্যানরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।