২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীতে শতভাগ পাসের আশা প্রধানমন্ত্রীর

মাধ্যমিক এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, আগামীতে কেউ ফেল করবে না।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 03:18 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

শনিবার ২০১৪ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৯১ দশমিক ৩৪ শতাংশ, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।

ফল প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ ইফতেখার ইশতি, মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রীতুপর্ণা সরকার, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো. জামান ও মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. আলমগীরের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী এরপর তার বক্তব্যে দশম জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ের কথা ‍উল্লেখ করে বলেন, “এ বছর খুব কঠিন ছিলো। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বছরের শুরুতে সময় মতো বই পাঠানো হয়েছে।”

প্রধানমন্ত্রী বলেন, “যারা আমার আগে বক্তব্য দিলেন, তারা আমার নাতনীর বয়সী। আমি এদর নানি বা দাদি। এরা আমাদের পরবর্তী প্রজন্ম। এদের জন্য আমরা উন্নত সমাজ সৃষ্টি করতে চাই।”

তিনি আরো বলেন, “কারিগরি শিক্ষা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সৃষ্টি করবে। আমাদের ছেলে মেয়েরা উন্নত জীবন গড়ে তুলবে।”

প্রত্যেক এলাকার সাবলম্বি লোকদের স্কুল ফিডিং কার্যক্রম এগিয়ে নেয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “বিভিন্ন প্রতিকূলতার পরও আমরা এবারো ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করেছি। বরং দুইদিন আগে ফলাফল প্রকাশ করেছি।”

এর আগে আনুষ্ঠানিকভাবে অনলাইনে ফলাফল প্রকাশ করার সময় তিনি মানিকগঞ্জ ৩ আসনের সংসদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ ১ আসনের সংসদ নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জের জেলা প্রশাসক মো. মাসুদ করিম এর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন।